নিউজ ডেস্ক
স্ত্রীর পরকীয়ার জেরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর লিঙ্গ কর্তন এবং স্বামীর পরকীয়ার জেরে টাঙ্গাইলের সখীপুরে স্ত্রী কর্তৃক স্বামীকে পিটিয়ে হত্যার দুটি পৃথক ঘটনায় মামলা দায়ের হয়েছে।
সিদ্ধিরগঞ্জে পরকীয়ার অবৈধ সম্পর্কে বাধা প্রদানের কারণে স্বামী মো. মনিরুজ্জামানের (৩৬) লিঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী ও তার প্রেমিককে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ভুক্তভোগী মনিরুজ্জামানের স্ত্রী ও জামালপুর জেলার বিল্লাল উদ্দিনের মেয়ে বিনা ওরফে ছোঁয়া এবং তার প্রেমিক তৌহিদ (৩০)।
পুলিশ জানিয়েছে, আদমজী ইপিজেডের ইপিক গার্মেন্টসের সিনিয়র ম্যানেজার মনিরুজ্জামান ২০১৪ সালে ছোঁয়াকে বিয়ে করেন। চাকরির সুবাদে বাসায় স্বামীর অনুপস্থিতিতে ছোঁয়া একাধিক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। গত ২রা ফেব্রুয়ারি প্রেমিক তৌহিদের সঙ্গে ছোঁয়ার পরকীয়ার ঘটনা জানতে পারেন মনিরুজ্জামান। ওই রাতেই চেতনানাশক খাইয়ে স্বামীর লিঙ্গ কেটে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে বাসায় গচ্ছিত টাকা ও মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যান ছোঁয়া।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে অভিযোগের পর রাতে ছোঁয়া ও প্রেমিক তৌহিদকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
ঘটনার ২ মাস পর অভিযোগের কারণ জানতে চাইলে মনিরুজ্জামান জানান, লিঙ্গ কর্তনের পর থেকে দীর্ঘদিন তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাই অভিযোগ করতে দেরি হয়েছে।
এদিকে, টাঙ্গাইলের সখীপুরে পরকীয়ার জেরে স্ত্রীর আঘাতে স্বামী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জুয়েল রানা (৩৮)। তিনি ওই এলাকার মজনু শিকদারের ছেলে। এ ঘটনায় মজনু বাদী হয়ে সখীপুর থানায় পুত্রবধূর নামে মামলা করেছেন। পুলিশ রাতেই জুয়েলের স্ত্রী তানিয়া আক্তারকে (২৮) গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, কয়েক বছর আগে ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের তানিয়ার সঙ্গে পারিবারিকভাবে জুয়েলের বিয়ে হয়। তাদের তিন সন্তান রয়েছে। সম্প্রতি জুয়েলের সঙ্গে এক নারীর পরকীয়ার কথা জানতে পেরে স্বামী-স্ত্রীর বিবাদ সৃষ্টি হয়। শনিবার রাতে এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে তানিয়া কাঠের টুকরো দিয়ে জুয়েলকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিয়া এই হত্যার দায় স্বীকার করেছেন। স্বামীর পরকীয়ার জেরে এমনটি করেছেন বলে তানিয়া জানান। লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কোনো বিষয় আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
