ইশরাককে মেয়র ঘোষণা করায় এমপি পদের দাবি জানালেন হিরো আলম

ইশরাককে মেয়র ঘোষণা করায় এমপি পদের দাবি জানালেন হিরো আলম
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

ইশরাক হোসেনকে আদালত মেয়র ঘোষণা করায় আলোচিত ইউটিউবার হিরো আলম, যিনি আশরাফুল আলম নামেও পরিচিত, তাকে এমপি পদ ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। সরকার যেন তাকে এমপি হিসেবে ঘোষণা করে, সেই দাবিও জানান তিনি।

২৭শে মার্চ, বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করে লিখেন, ‘যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, হিরো আলমকে ঢাকা-১৭, বগুড়া-৪ ও ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।’

উল্লেখ্য, বৃহস্পতিবার এক রায়ে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করেন আদালত। আদেশে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের জারি করা গেজেট বাতিল করা হয়। এর পরেই হিরো আলম এমপি পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩রা মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। ২০২০ সালের ১লা ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে ও ফজলে নূর তাপস দক্ষিণে মেয়র নির্বাচিত হন।

নির্বাচন কমিশন ২রা ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করেন। তারা শপথ গ্রহণ করে দায়িত্ব পালন করে আসছিলেন। গত বছরের ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের মেয়র পদ থেকে অপসারণ করা হয়। যদিও এই অপসারণের ক্ষেত্রে সাংবিধানিক কোনো বিধি-বিধান অনুসরণ করা হয়নি।

ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। হিরো আলমও ঢাকা-১৯ আসনে মোহাম্মদ আলী আরাফাতের সঙ্গে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।

Visited 115 times, 1 visit(s) today