নিজস্ব প্রতিবেদক
সরকারি চাকরির কোটা সংস্কার নিয়ে আন্দোলন চলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে দাবী ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ১২৮ জনকে বহিষ্কার করার কথা জানিয়েছে, তাদের মধ্যে দুই জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। একজনকে পাওয়া গেছে যিনি ঢাকার সরকারি বাঙলা কলেজের ছাত্র। আরও একজন বহিরাগত, যার বিষয়ে বিস্তারিত তথ্যও জানতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
আরও একজনের শিক্ষাগত যোগ্যতার বিষয়েও তথ্য পাওয়া যায়নি, জানা গেছে তিনি ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানের অনুসারী।
সোমবার সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত জানানোর পর মঙ্গলবার বহিষ্কৃতদের তালিকা প্রকাশের পর এদের নাম সামনে আসে।
এই তালিকা প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে, বিক্ষোভকারীদের অভিযোগ, হামলার ভিডিও ও স্থিরচিত্রে দেখা যাওয়া ছাত্রলীগের অনেক নেতাকর্মীর নাম এই তালিকায় নেই, অন্যদিকে ‘নিরীহ’ অনেক শিক্ষার্থীর নাম আছে এতে।
বিক্ষোভকারীরা উপাচার্যের কার্যালয়ের সামনে ঘণ্টাখানের অবস্থান করে প্রক্টর এবং আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধানের সঙ্গে কথা বলেন। কমিটি প্রধান তাদেরকে এই বলে আশ্বস্ত করেন যে, এই তালিকা চূড়ান্ত নয়। পরে বিক্ষোভকারীরা নিজ নিজ হলে ফিরে যান।
তবে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতকে ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে বহিষ্কার করবে- এই প্রশ্নের সদুত্তর মেলেনি এখনও।
আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা তদন্তে দায়িত্বপ্রাপ্ত কমিটির প্রধান এর ব্যাখ্যায় ‘ব্যাকরণগত ভুল’ এর কথা উল্লেখ করেছেন। নিজেই তালিকায় ৭ জন বহিরাহত থাকার তথ্য দিয়েছেন।
তারা কারা?
বহিষ্কৃতদের যে তালিকা করা হয়েছে, তাতে নাম ছাড়াও বিভাগ, হল ও পদবি, ঠিকানা এবং তার বিরুদ্ধে কী অভিযোগ, তা আলাদা ছকে উল্লেখ করা আছে।
তালিকার ৭৭ নম্বরে নাম আছে রিজভী আহমেদ খোকার। বিভাগের ঘরেই লেখা ‘বহিরাগত’। হল ও পদবির জায়গায় লেখা, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেত্রকোণা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মেলামেশা ছিল। তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।’ ‘সহিংসতা’র বিবরণে লেখা, ‘১৫ই জুলাই ২০২৪ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় সরাসরি জড়িত ছিল।’
ক্রমিকের ৮০ নম্বরে আছে রুবেল খানের নাম। তার বিভাগ ও সেশনের ঘর ফাঁকা। হল ও পদের ঘরে লেখা, ‘কুয়াকাটা ছাত্রলীগের পদপ্রত্যাশী, ইনানের (ছাত্রলীগের সাধারণ সম্পাদক) অনুসারী’। সহিংসতার ঘরে রুবেলের বিষয়ে লেখা, ‘নারীদের ওপর হামলাকারী। সবচাইতে আক্রমণাত্মকদের একজন।’
তালিকার ৮২ নম্বরে আছে ইব্রাহিম হোসাইন সানিমের নাম। তার বিভাগের ঘরে লেখা, ‘নাট্যকলা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।’ হল ও পদের জায়গায় লেখা, ‘সহসভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।’ সহিংসতার ঘরে লেখা, ‘সে ভিসি চত্বর এলাকায় নারী শিক্ষার্থীদের ওপর হামলা করে।’
১২১ নম্বরে নাম আছে মাহমুদুল হাসান আকাশের। ছকে বিভাগের নাম লেখা ‘মার্কেটিং’। হল ও পদের ঘরে লেখা, ‘সভাপতি, মার্কেটিং ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।’ সহিংসতার ঘরে লেখা, ‘১৫ই জুলাই ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার সময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাকে লাঠি হাতে মিছিলের প্রথম সারিতে দেখা যায়।’
তালিকার ১২৬ নম্বরে আছে মো. আক্তার হোসেন রুমনের নাম। তার বিভাগের ঘরে কিছু লেখা নেই। হল ও পদের ঘরে লেখা, ‘সরকারি বাঙলা কলেজ।’ সহিংসতার ঘরে লেখা, ‘দুই নারী শিক্ষার্থীর উপর লাঠি হাতে হামলা চালায়।’
‘ব্যাকরণগত ভুল’
তবে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই না তাদের কীভাবে বহিষ্কার করা হয়েছে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান কাজী মাহফুজুল ইসলাম সুপণ বলেন, “ঠিক, এখানে গ্রামাটিক্যালি (ব্যাকরণগত) ভুল করা হয়েছে। আমরা তাদেরকে বহিষ্কার করতে পারি না। তদন্ত রিপোর্টেও আমরা সেটা বলেছি।”
এখন তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কী ব্যবস্থা নেবে- এই প্রশ্নে তিনি বলেন, “যারা বিশ্ববিদ্যালয়ের না, তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে যোগাযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবে। আর যদি কোনো প্রতিষ্ঠান পাওয়া না যায় তাহলে সংশ্লিষ্ট থানাকে বলা হবে ব্যবস্থা নিতে।”
যা হয়েছিল
গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে শুরু হওয়া আন্দোলনে ১৫ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ সদস্যরা। সেদিন থেকে সহিংসতা পরে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এমনকি কলেজে ছড়িয়ে পড়ে, ছাত্রদের আন্দোলনে যুক্ত হয় বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে আসে সরকার পতনের ডাক। ৫ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন, তিনদিন পর গঠন হয় অন্তর্বর্তী সরকার।
২৯শে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনা অনুসন্ধানে ওই কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর প্রায় পাঁচ মাস পর গত বৃহস্পতিবার কমিটির প্রধান আইন অনুষদের সহযোগী অধ্যাপক মাহফুজুল হক সুপণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে প্রতিবেদন তুলে দেন। এর চার দিনের মাথায় আসে বহিষ্কারের সিদ্ধান্ত।
বহিষ্কারের তালিকা দেখে প্রতিবাদ
সাময়িক বরখাস্ত ১২৮ শিক্ষার্থীর নাম প্রকাশ পাওয়ার পর বিক্ষোভ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটিতে। বিক্ষোভকারীদের অভিযোগ, হামলার ভিডিও ও স্থিরচিত্রে দেখা যাওয়া ছাত্রলীগের অনেক নেতাকর্মীর নাম এই তালিকায় নেই, অন্যদিকে ‘নিরীহ’ অনেক শিক্ষার্থীর নাম আছে এতে।
বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে মিছিল নিয়ে বের হয়। বিক্ষোভকারীরা মিছিল শেষে বিকাল ৪টার উপাচার্য নিয়াজ আহমেদ খানের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকে।
বিক্ষোভকারীদের প্রতিনিধিরা এই প্রতিবেদন লেখার সময় প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ও আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের ঘটনা তদন্তে কমিটির আহ্বায়ক আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হকের সঙ্গেও কথা বলছিলেন।
উপাচার্য কার্যালয়ে যাওয়া শিক্ষার্থী আব্দুর রহমান আল ফাহাদ সাংবাদিকদের বলেন, “আমরা জানতে এসেছি কেন এই তালিকা অসম্পূর্ণ?…২৪ ঘণ্টার মধ্যে এই তালিকার ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা চাই। আর তালিকার বাইরে যারা আছে তাদের ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হবে সেসব বিষয়ে জানাতে হবে। ২৪ ঘণ্টার ভেতরে বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞপ্তিতে দিয়ে নিশ্চিত করতে হবে এই তালিকাটি পরিমার্জন করে বর্ধিত করা হবে।”
সেখানে তদন্ত কমিটির প্রধান কাজী মাহফুজুল ইসলাম বলেন, “তারা (শিক্ষার্থীরা) তারা ভাবছে এই তালিকাটাই হয়ত চূড়ান্ত। কিন্তু আমরা যেদিন তদন্ত প্রতিবেদন দাখিল করেছি সেদিনই বলেছি, আমরা শুধুমাত্র ২৫ শতাংশ চিহ্নিত করতে পেরেছি। এটি সম্পূর্ণ তালিকা না। সম্পূর্ণ তালিকা করা সম্ভবও না। তবে আমরা চেষ্টা চালিয়ে যাব।”
তদন্ত কমিটির আশ্বাসে শিক্ষার্থী উপাচার্য কার্যালয় ত্যাগ করে।
