ভূতের আতঙ্কে গাজীপুরে ১৫ গার্মেন্টস শ্রমিক অসুস্থ, কারখানায় উত্তেজনা

ভূতের আতঙ্কে গাজীপুরে ১৫ গার্মেন্টস শ্রমিক অসুস্থ, কারখানায় উত্তেজনা
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড-এ ভূতের আতঙ্কে ১০-১৫ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে কয়েকজন মেঝেতে পড়ে আঘাত পেয়েছেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

১৩ই মার্চ, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার (শিরিরচালা) এলাকায় এই ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিকদের কয়েকজন জানান, গত কয়েকদিন ধরে কারখানায় ভূত ও জ্বিনের উপস্থিতি নিয়ে গুজব ছড়ায়। এতে আতঙ্কিত হয়ে সকালে শ্রমিকরা নিচে নেমে হইচই শুরু করেন। এর মধ্যে কয়েকজন ওয়াশরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজন প্রোডাকশন ফ্লোরে পড়ে যান।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচতলা ভবনের কারখানাটিতে ২২০০ শ্রমিক কাজ করেন। সকালে কাজে যোগ দেওয়ার পর কয়েকজন নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পড়ে গিয়ে আঘাত পান। খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষ তাদের বাঘের বাজার হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।

ডায়াগনস্টিক সেন্টারের কর্তব্যরত চিকিৎসক শিহাব আহমেদ ইবনে জামান জানান, “প্রথমে ৭-৮ জন রোগী আসেন। তাদের মধ্যে তিনজনকে অক্সিজেন ও একজনকে স্যালাইন দেওয়া হয়। তারা সুস্থ হয়ে বাসায় চলে গেছেন। তবে তারা ভয়ের কারণে অসুস্থ হয়েছেন নাকি রোজার কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ বলেন, “ওয়াশরুমে ভূতের ভয়ে ৭ নারী শ্রমিক গুরুতর আহত হন, তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ বলছে, ১০-১৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসা নেন, বাকিরা বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন।”

ঘটনার পর কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বেলা ১১টার দিকে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়। তবে কারখানার পক্ষ থেকে সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

Visited 40 times, 1 visit(s) today