নিজস্ব প্রতিবেদক:
সিলেটে চাঁদাবাজি, অপহরণসহ নানা অভিযোগের মামলায় সিলেট মহানগর যুবদল নেতা জয়দ্বীপ চৌধুরী মাধবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২রা মার্চ, রোববার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেবকোণা গ্রাম থেকে সিলেট মহানগর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মাধব সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ার অজিত চৌধুরীর ছেলে। তিনি সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ২৮শে ফেব্রুয়ারি সিলেট জেলা পরিষদের সামন থেকে কাজল মিয়া নামের এক হকারকে তুলে নিয়ে যান জয়দ্বীপ চৌধুরী মাধব। জিন্দাবাজারে নিয়ে ওই ব্যবসায়ীকে ভয় দেখিয়ে ও নির্যাতন করে তার কাছ থেকে ১৬ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করেন। পরে তাকে মারধর করে আরো ৩০ হাজার টাকা দাবি করা হয়।
হকারকে অপহরণ, নির্যাতন ও জিম্মি করে চাঁদা আদায়ের ঘটনায় গত ২৮শে ফেব্রুয়ারি রাতে জিন্দাবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ক্ষুব্দ হকাররা।
এই খবরে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী হকারদের শান্ত থাকার আহ্বান জানিয়ে অভিযুক্তকে বহিষ্কারের আশ্বাস দেন। এরপর ওইদিন রাতেই কেন্দ্রীয় যুবদল মাধবকে বহিষ্কার করা হয়।
গত শনিবার ব্যবসায়ী কাজল চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। এই মামলায় অভিযান চালিয়ে পুলিশ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মাধবকে গ্রেপ্তার করে পুলিশ।
যুবদল নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, চাঁদাবাজি ও অপহরণের মামলায় জয়দ্বীপ চৌধুরী মাধবকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
