বিপিএল শেষ হওয়ার এক মাস পরও টাকা না পেয়ে আফ্রিদির ক্ষোভ

বিপিএল শেষ হওয়ার এক মাস পরও টাকা না পেয়ে আফ্রিদির ক্ষোভ
শেয়ার করুন

বিপিএলের মঞ্চে চিটাগং কিংসের দূত ও পরামর্শক হয়ে এসে প্রাপ্য সম্মান পাননি পাকিস্তানি শাহিদ আফ্রিদি। চুক্তির অর্থ পরিশোধ না করায় এবং কর্তৃপক্ষের অসহযোগিতায় তিনি এখন বিসিবির দ্বারস্থ। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ই-মেইল পাঠিয়ে সাহায্য চেয়েছেন পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক। প্রয়োজনে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের কাছেও চিঠি লেখার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিপিএলের ১১তম আসরে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে বিতর্ক ছিল অন্যতম প্রধান আলোচ্য বিষয়। অন্তর্বতী সরকারের ক্রীড়া মন্ত্রণালয় সেই দায়িত্ব নিলেও এখনো কোন সুরাহা হয়নি। বাংলাদেশের শীর্ষ অনলাইন গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে আফ্রিদি মেলে ধরেছেন তার নিজের সম্মানি না পাওয়ার বিস্তারিত, ‘আমার সঙ্গে চুক্তি ছিল ১ লাখ ডলারের। কথা ছিল, বাংলাদেশ পা রাখার পর ৫০ হাজার ডলার দেওয়া হবে, টুর্নামেন্ট চলার সময় বাকি ৫০ হাজার দেবে। কিন্তু আমাকে মাত্র ১৯ হাজার ডলার দেওয়া হয়েছে। আজ দেব, কাল দেব করে বারবার ঘোরানো হয়েছে। চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি। টাকা দেওয়া হয়নি। সামিরের (সামির কাদের চৌধুরী) আচরণে হতবাক হয়ে গেছি। এমন কিছু আশা করিনি।’

তিনি বলেন, টুর্নামেন্টের মাঝ পথে ছুটি নিয়ে দেশে ফিরে গেলেও আবার আসার টিকেট দেওয়া হয়নি তাকে। এরপর দেয়া হচ্ছে না টাকা। আফ্রিদি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে জানিয়েছেন, সুরাহা হয়নি। তিনি এখন দুই দেশের সরকার প্রধানকেও জানাতে চান, ‘দুই-তিন দিন আগে এটা আমি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত জানিয়েছি। প্রয়োজন হলে আমাদের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও লিখব।’

বিসিবি সভাপতির কাছে লেখা চিঠিতে আফ্রিদি বাংলাদেশের প্রতি তার ভালোবাসার কথা উল্লেখ করেছেন। তিনি চিটাগং কিংসের সঙ্গে তার চুক্তির বিস্তারিত বিবরণ দিয়ে পারিশ্রমিক পরিশোধের জন্য বিসিবির হস্তক্ষেপ কামনা করেছেন। চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী স্বীকার করেন যে আফ্রিদিকে পুরো পারিশ্রমিক দেওয়া হয়নি। তিনি জানান, আফ্রিদি তার প্রাপ্য অর্থ অবশ্যই পাবেন। তবে কবে তা বলেননি। এদিকে পুরো বিষয়ে কথা বলতে বিসিবি সভাপতি ফারুককে পাওয়া যায়নি। তিনি সাংবাদিকদের ফোনে সাড়া দিচ্ছেন না।

Visited 66 times, 1 visit(s) today