ডুয়েট ছাত্রদলের সেক্রেটারি গুপ্ত সংগঠন শিবিরের: সভাপতিসহ ১৫ নেতার পদত্যাগ

ডুয়েট ছাত্রদলের সেক্রেটারি গুপ্ত সংগঠন শিবিরের: সভাপতিসহ ১৫ নেতার পদত্যাগ
শেয়ার করুন
ডুয়েট প্রতিনিধি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা বাংলাদেষ জাতীয়তাবাদী ছাত্রদলের ২৮ সদস্যের কমিটি ঘোষণার পরপরই সভাপতিসহ ১৫ নেতা পদত্যাগ করেছেন।

শনিবার রাতে এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাছির।

এদিকে কমিটি ঘোষণার পরপরই সভাপতিসহ ১৫ নেতা পদত্যাগ করে বলেছেন, কমিটিতে সেক্রেটারি পদে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি গুপ্ত সংগঠন ছাত্রশিবির করেন। ছাত্রদলে অনুপ্রবেশ করেছেন। এছাড়াও কমিটিতে অছাত্র, বিবাহিত ও অনুপ্রবেশকারীরা রয়েছে তাই তারা পদত্যাগ করেছেন বলে জানান।

নতুন ঘোষিত কমিটির পদত্যাগী নেতারা হলেন- সভাপতি আশরাফুল হক, সহ-সভাপতি হাসান আল বান্না, আব্দুল কাদের, শাহ আলম মিয়া, রফিকুল ইসলাম মিয়া, মো. ইব্রাহীম, শাকিল আহমেদ, মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সিকদার, সহসাংগঠনিক সম্পাদক আবু সালেহ মানিক, দপ্তর সম্পাদক সাহেদ আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক তৌফিক এলাহী, ক্রীড়া সম্পাদক রাকিব হোসেন মজুমদার।

উল্লেখ্য ঘোষিত কমিটিতে আশরাফুল হককে সভাপতি এবং জামিরুল ইসলাম জামিলকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যের ডুয়েট ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ারও নির্দেশনা রয়েছে।

পদত্যাগকারী একাধিক নেতা বলেছেন, কমিটিতে যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে তিনি গুপ্ত সংগঠন ছাত্রশিবির থেকে আসা অনুপ্রবেশকারী। তার বিষয়ে আগে থেকে কেন্দ্র এবং তাদের সাংগঠনিক টিমকে জানানো হলেও কোনো এক অদৃশ্য কারণে তাকে পদায়ন করেই কমিটি ঘোষণা করা হয়েছে। আদর্শগত ভিন্ন মেরুর হওয়ায় তার সঙ্গে রাজনীতি করা সম্ভব নয়।

তারা আরো বলেন, কমিটিতে বিবাহিত এবং অছাত্র আরাফাত হোসেনকে এক নম্বর সহসভাপতি করা হয়েছে।

পদত্যাগকারী নেতারা বলেন, ছাত্রদলের মতো আদর্শিক সংগঠনের একটি ইউনিট কমিটিতে গুপ্ত সংগঠন ছাত্রশিবির, অছাত্র আর অনুপ্রবেশকারী থাকলে সেখানে অন্তত আদর্শের রাজনীতি হতে পারে না।

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক টিমের সদস্য মিয়া মোহাম্মদ রাসেল দাবি করেন, সবকিছু যাচাই-বাছাই করেই কমিটি দেওয়া হয়েছে।

এদিকে পদত্যাগের পর শনিবার রাতে কমিটি স্থগিত করা হয়েছে।

দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পত্রে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখার ঘোষিত কমিটি স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

Visited 85 times, 1 visit(s) today