নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার তদ্বিরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তাকে এক বছরের জন্য পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।
আজ ১২ই ফেব্রুয়ারি, বুধবার এলজিআরডির আওতাধীন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এজাজকে নিয়োগ দেওয়া হয়।
এর আগে গত ২৩শে জানুয়ারি ঢাকা উত্তর সিটির প্রশাসক পদে নিয়োগ দিতে রিভার এন্ড ডেল্টা রিসার্স সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজের পক্ষে তদ্বির করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের কাছে পাঠানো ওই চিঠিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চিঠিতে লেখেন:
প্রিয় সিনিয় সচিব,
আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, আমি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে নিয়োজিত আছি। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, স্থানীয় সরকার বিভাগের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যাদি সম্পন্ন করণের জন্য প্রশাসক হিসেবে একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা পদায়ন করা প্রয়োজন।
পড়ুন: ঢাকা উত্তর সিটির প্রশাসক নিয়োগে তদ্বিরের চিঠির সত্যতা স্বীকার উপদেষ্টা আসিফের
জনাব মোহাম্মদ এজাজ, চেয়ারম্যান, রিভার এন্ড ডেল্টা রিসার্স সেন্টার, শেরেবাংলা নগর, ঢাকা একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা। তিনি কর্মজীবনে অনেক গুরুত্বপুর্ণ কাজের সাথে যুক্ত ছিলেন। তাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে পদায়ন করা হলে এই প্রতিষ্ঠানের কাজের গতি বৃদ্ধিসহ প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমি মনে করি।
এমতাবস্থায়, জনাব মোহাম্মদ এজাজ, চেয়ারম্যান, রিভার এন্ড ডেল্টা রিসার্স সেন্টার -কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে ০২ (দুই) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।
