❐ নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১০ মাস ২০ দিন ধরে ভেরিফিকেশন ও রিভেরিফিকেশনের চক্করে পড়ে অবশেষে গেজেট থেকে বাদ পড়েছেন ৪৯তম বিসিএস-এ ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত প্রার্থী মোঃ জসিম উদ্দিন।
চরম ক্ষোভ ও হতাশায় আগামী ১২ অক্টোবর—৪৯তম বিসিএসের যোগদানের নির্ধারিত দিনে—ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শরীরে আগুন দিয়ে আত্মাহুতির হুমকি দিয়েছেন এই যুবক।
গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন।
তিউনিসিয়ার গণঅভ্যুত্থানের সূচনা করা যুবক মোহাম্মদ বুয়াজিজির আত্মত্যাগের কথা স্মরণ করে জসিম লেখেন, “আমার জীবনের বিনিময়ে হয়তো কিছুই অর্জিত হবে না, কিন্তু ভেরিফিকেশন নামক হয়রানি এবং গেজেটের দাসত্ব থেকে এই জাতির মেধাবী সন্তানরা মুক্ত হোক।”
তারও দুই ঘণ্টা আগে দেওয়া অপর একটি পোস্টে তিনি রাষ্ট্রযন্ত্রের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার ওপর অসুস্থ বাবা-মায়ের চিকিৎসা ও বোনদের পড়াশোনার দায়িত্ব রয়েছে। কোনো ধরনের অন্যায় বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকা সত্ত্বেও তাকে অযৌক্তিকভাবে বাদ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি লেখেন, “সরকার বাহাদুর আপনাকে বলছি, কারো দয়ায় কিংবা সুপারিশে চাকরিটা পাইনি। নিজের মেধা এবং যোগ্যতায় পেয়েছিলাম, যা কেড়ে নিয়ে আমার প্রতি চরম অন্যায় করা হয়েছে।”
