❐ নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরে শ্রমিকদের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগের পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শ্রমিকদের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগের জেরে এই পাল্টা হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
১৮ই নভেম্বর, বুধবার সকালে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত কার্যালয়ে শতাধিক লোক হামলা চালায়। এতে দুজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়েছে, সকাল ৮টার পর ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভবনটিতে হামলা চালায়। হামলাকারীরা ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে ফেলে। লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশও ভাঙচুর করা হয়।
কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী সেখানে এসে হামলা চালান।
এ সময় কার্যালয়ে থাকা লোকজনের ওপর ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সেখান থেকে সরে যান।
মামুন পাটোয়ারীর দাবি, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করে চালানো হয়েছে। ভবনের অন্য স্থাপনার তুলনায় তার কার্যালয়েই বেশি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া ভবনে থাকা মিল্টনের ছবিও ভাঙচুর করা হয়েছে।
তিনি আরও জানান, গত এক সপ্তাহ ধরে গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে তারা সতর্ক ছিলেন।
এ কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্য সচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। হামলার সময় তারাও ভবনে ছিলেন।
মামুন পাটোয়ারীর অভিযোগ, পুলিশকে খবর দেওয়া হলেও হামলার বেশির ভাগ ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে।
