প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা সংস্কার কমিটি থেকে পদত্যাগ করেছেন স্যাম জাহান

প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা সংস্কার কমিটি থেকে পদত্যাগ করেছেন স্যাম জাহান
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা ২০২২ এর পুনঃসংকলন ও সংস্কার জন্য কমিটি থেকে পদত্যাগের কথা জানালেন আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার (বিজেআইএম) প্রতিষ্ঠাতা আহ্বায়ক শিকদার আবীর মাহমুদ (স্যাম) জাহান।

তিনি বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে ফেসবুকে তার ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক পোস্টে এই পদত্যাগের কথা জানান।

পোস্টে তিনি বলেন, সুপ্রিয় সাংবাদিক সহকর্মীদের উদ্দেশ্যে বলছি — আপনারা হয়তো অনেকেই ইতোমধ্যে জানেন যে প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা ২০২২ এর যে পুনঃসংকলন ও সংস্কারের জন্য কমিটি গঠিত হয়েছিল, সেখানে অন্যান্য সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে আমারও অবস্থান হয়েছিল মূলত আন্তর্জাতিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্রতিনিধি হিসেবে।

তিনটি মিটিংয়ের মাধ্যমে যে চূড়ান্ত খসড়া তৈরি করা হয়েছে, তার সঙ্গে আমি মোটেই একমত নই। আমার প্রতিনিধিত্বের অধীনে অন্তত ৮৫ জন সাংবাদিকের মূল্যবান মতামত নিয়ে আমি আমার প্রস্তাব লিখিত আকারে পেশ করেছিলাম। যার একটিও গ্রহণ করা হয়নি।

এবং খুবই স্বল্প সময়ের সর্বশেষ মিটিংয়ে যথেষ্ট সময় নিয়ে এসব বিষয়ে আলোচনার সুযোগ না দিয়েই নীতিমালা ২০২৫ এর খসড়া চূড়ান্ত করে দেওয়া হয়েছে।

নীতিমালায় কী কী আছে, সেটা আমি এ মুহূর্তে বলতে অপারগ যেহেতু তা এখনও প্রকাশ হয়নি। তবে শিগগিরই সেটায় যৌক্তিক, ব্যবহারিক এবং সময়োপযোগী করে পুনঃলিখন না করলে তা চরমভাবে ব্যাকফায়ার করবে বলে আশঙ্কা করছি।

এ ব্যাপারে স্যাম জাহান বলেন, যে খসড়াটা নীতিমালায় পরিণত হতে যাচ্ছে, তা যেন পুনঃসংশোধিত করে যুগোপযোগী করা হয়। নতুবা অদূর ভবিষ্যতে এটা সাংবাদিকতার ক্ষেত্রে গলার কাটা হয়ে দাঁড়াবে।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলমকে আহ্বায়ক করে ১৭ সদস্যের প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা-২০২২ পুনর্মূল্যায়নের লক্ষ্যে কমিটি গঠন করে সরকার।

এই নীতিমালা পাশ হলে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেওয়ার পরে এটা ভয়ংকর একটা রূপ ধারণ করবে এবং পরবর্তী রাজনৈতিক ক্ষমতাসীন দলের অপব্যবহারের জন্য বিস্তর ফাঁকফোকর রয়ে যাবে, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য ভীষণ সাংঘর্ষিক। তাই, আমি এই নীতিমালার প্রতি তীব্র আপত্তি রেখে উক্ত কমিটি হতে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

– স্যাম জাহান
প্রতিষ্ঠাতা আহ্বায়ক, বিজেআইএম।।

Visited 97 times, 1 visit(s) today