প্রবাসীদের জিম্মি করে ইচ্ছেমত বাড়ানো হচ্ছে বিমান টিকেটের দাম

প্রবাসীদের জিম্মি করে ইচ্ছেমত বাড়ানো হচ্ছে বিমান টিকেটের দাম
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

প্রবাসী ও সাধারণ উড়োজাহাজ যাত্রীরা অতিমুনাফালোভী কিছু ট্রাভেল এজেন্টের লোভের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এসব এজেন্ট এয়ারলাইন্সগুলোর টিকেট আগাম ব্লক করে নিজেদের নিয়ন্ত্রণে রেখে পরে ইচ্ছেমতো দাম বাড়িয়ে দিচ্ছে। ফলে বিদেশগামী যাত্রীদের স্বাভাবিক ভাড়ার তুলনায় তিন গুণ পর্যন্ত বেশি মূল্য পরিশোধ করতে হচ্ছে।

যাত্রী, কর্মী ও ট্রাভেল এজেন্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ৬০ থেকে ৭০ হাজার টাকার টিকেট এই সিন্ডিকেটের কারণে ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত কিনতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। বিভিন্ন সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্স ব্যবসায়ী ও দেশীয় কিছু ট্রাভেল এজেন্সির মধ্যে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা পাসপোর্ট, ভিসা বা ভ্রমণের কোনো নথিপত্র ছাড়াই শুধুমাত্র ই-মেইলের মাধ্যমে কিছু এয়ারলাইন্সের নির্দিষ্ট রুটের গ্রুপ সিট বুকিং করে রাখে।

এই সিন্ডিকেট দু-তিন মাস আগেই পিএনআর তৈরি করে সিট ব্লক করে রাখে, যেখানে যাত্রীর নাম উল্লেখ থাকে না। ফলে সাধারণ যাত্রীরা টিকেট খুঁজতে গেলে দেখেন, সব টিকেট বিক্রি হয়ে গেছে বলে দেখানো হচ্ছে। কৃত্রিম সংকট তৈরি করে এই চক্র অতিরিক্ত দামে টিকেট বিক্রি করছে।

মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইটের আসন আগেভাগেই বিক্রি নিশ্চিত করতে এবং অধিক মুনাফার জন্য রিয়াদ, দাম্মাম, জেদ্দা, ওমান, দোহা, কুয়ালালামপুরসহ বিভিন্ন রুটের সিট ব্লক করে রাখছে। তারা কিছু নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে এসব টিকেট বাজারে ছাড়ছে, যা সাধারণ যাত্রীদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে।

গত ২৬শে জানুয়ারি অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) অভিযোগ করে, সিন্ডিকেট উড়োজাহাজের ৬০ হাজার টিকেট ব্লক করেছে। সম্প্রতি বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতে অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে এয়ার টিকেটের অতিরিক্ত মূল্যবৃদ্ধি, যার অন্যতম কারণ এই নামবিহীন গ্রুপ টিকেট বুকিং। মধ্যপ্রাচ্যগামী কিছু এয়ারলাইন্স দেশীয় কিছু ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৬০ হাজার টিকেট ব্লক করে রেখেছে, ফলে টিকেটের দাম ২০ থেকে ৫০ শতাংশ, কখনো তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আটাব সভাপতি আব্দুস সালাম আরেফ বলেন, “মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় কর্মীর সংখ্যা বাড়লে সিন্ডিকেট গ্রুপ টিকেট অর্থাৎ নাম, পাসপোর্ট ও ভিসা ছাড়াই টিকেট ব্লক করে রাখে। তখন ফ্লাইটের টিকেট বিক্রি না হলেও এই ব্লকের কারণে ভাড়া বেড়ে যায়।”

তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সগুলোই এই সিন্ডিকেট তৈরি করেছে। তারা বাংলাদেশ থেকে বেশি লাভ করতে চায়, কারণ আমাদের নিয়ন্ত্রক সংস্থাগুলো মনিটরিং পর্যাপ্তভাবে করছে না। ফলে এই সুযোগ কাজে লাগিয়ে তারা মুনাফা করছে। বিদেশি এয়ারলাইন্সগুলো এখানে জনগণের উপকার করতে আসেনি, তারা এসেছে বেশি অর্থ আয় করতে।”

এই সমস্যা সমাধানে বিমান মন্ত্রণালয় ও সিভিল অ্যাভিয়েশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে জানান আটাবের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ভূইয়া। তিনি বলেন, “যদি এয়ারলাইন্সগুলোকে বলা হয়, কোনো ব্লকিং দেওয়া যাবে না, অথবা ব্লক দিলে ২৪ ঘণ্টার মধ্যে যাত্রীর নাম নিশ্চিত করতে হবে, তাহলে এই সমস্যা দূর করা সম্ভব।”

টিকেটের লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে সাধারণ যাত্রী ও ট্রাভেল এজেন্সির ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ইউরোপা ট্রাভেলসের পরিচালক মো. আনোয়ার হোসাইন বলেন, “টিকেটের দাম বেড়ে যাওয়ায় আমাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাত্রীরাও আগ্রহ হারিয়ে ফেলছেন।”

একই সমস্যার কথা জানান ট্রাভেল এজেন্ট তাওহিদুল তানিম। তিনি বলেন, “কিছু এজেন্সি নামবিহীন ৫০ থেকে ১০০টি টিকেট কিনে রেখে পরে তা ১ লাখ ১০ থেকে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে। বাংলাদেশ বিমানও টিকেট ব্লক করে রাখছে, ফলে সাধারণ সিস্টেমে টিকেট খুঁজে পাওয়া যাচ্ছে না।”

অধিক মূল্য পরিশোধ করে কর্মস্থলে ফিরতে বাধ্য হচ্ছেন প্রবাসীরাও। সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসী ইমরান হোসাইন বলেন, “আমি গত বছর ৭০ হাজার টাকায় টিকেট কেটেছিলাম। এবার কোনো টিকেট না পেয়ে ১ লাখ ৬৯ হাজার টাকা দিয়ে যেতে হয়েছে। এটি আমাদের ওপর এক ধরনের জুলুম।”

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান দাবি করেছেন, টিকেট ব্লকিং ও কৃত্রিম সংকট নির্মূল করা হয়েছে। তিনি বলেন, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আগাম সিট বুকিং, টিকেট ব্লকসহ কৃত্রিম মজুদ শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে। টিকেট নিয়ে কারসাজির অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সাম্প্রতিক সময়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে টিকেট ব্লক ও কৃত্রিম সংকটের বিষয়ে তিনি বলেন, “আমি নিজে এটি মনিটর করছি। অভিযোগ পাওয়ার পর কয়েকজনকে টিকেটিংয়ের দায়িত্ব থেকে সরিয়ে অন্য বিভাগে পাঠানো হয়েছে।”

Visited 181 times, 1 visit(s) today