নারীদের ফুটবল খেলায় হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

নারীদের ফুটবল খেলায় হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
শেয়ার করুন
স্থানীয় সংবাদদাতা

দিনাজপুরের হাকিমপুর ও জয়পুরহাটে নারীদের ফুটবল খেলায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খানপাড়া এলাকায় বেসরকারি সংস্থা মহিদেব যুব সমাজকল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেন্ডার সমতা ও জলবায়ু জোট কমিটির সভাপতি সাংবাদিক শফি খান, সাংবাদিক তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা, এনজিও কর্মকর্তা লুৎফর রহমান, রত্না রানী, যাত্রাপুর বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ মো. কাশেম আলী, সহকারী শিক্ষক রতন চন্দ্র, শিক্ষার্থী জেনী আক্তার, খানপাড়া নারী দলের সভাপতি নিবালা রানী এবং যাত্রাপুর ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সভাপতি মো. আবুল হোসেন।

বক্তারা বলেন, খেলাধুলা ও বিনোদন নারীদের মৌলিক অধিকার। কিন্তু কিছু ব্যক্তি এই অধিকার হরণ করতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন, যা নারীদের অগ্রগতির পথে বড় বাধা সৃষ্টি করছে।

তারা আরও বলেন, খেলাধুলা ও বিনোদনসহ মুক্ত চিন্তার বিকাশে নারীদের সুযোগ নিশ্চিত করা জরুরি। এর মাধ্যমে নারী, তাদের পরিবার ও পুরো দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। নারীদের উন্নয়নে বাধা সৃষ্টি করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।

Visited 42 times, 1 visit(s) today