ছাত্রদলের দাবির মুখে তফসিল ঘোষণা পেছালো, দ্রুত নির্বাচন চায় শিক্ষার্থীরা

ছাত্রদলের দাবির মুখে তফসিল ঘোষণা পেছালো, দ্রুত নির্বাচন চায় শিক্ষার্থীরা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছে ছাত্রদল ও অন্যান্য ছাত্র সংগঠন। এদিকে নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী তফশিল ঘোষণার কথা থাকলেও উদ্ভুত পরিস্থিতিতে নির্বাচনের তফশিল ঘোষণা পিছিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তফশিল পেছানোর দাবিতে গতকাল (১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর হতে মিছিল বের করে শাখা ছাত্রদল। মিছিলটি নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এসে শেষ হয়। পরে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৩ ঘন্টা অবস্থান করেন তারা। এদিকে ঘোষিত সময়ের মধ্যে তফসিল ঘোষণা না করা ও ছাত্রত্ব শেষ হওয়া ছাত্রদল নেতাকর্মীদের অবস্থানের প্রতিবাদে রাত ৮টায় ‘বিক্ষোভ মিছিল নিয়ে নতুন প্রশাসনিক ভবনের সামনে পাল্টা অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা৷

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী ১ ফেব্রুয়ারীতে তফসিল ঘোষণা করার কথা ছিলো। তবে তফশিল ঘোষণার পূর্বে সংস্কার কমিটি’ গঠন করে গঠনতন্ত্র সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর হামলার বিচার, সিন্ডিকেট পুনর্গঠনসহ ৫ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় শাখা ছাত্রদল।

এ বিষয়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, আমরা জাকসুর আগে দ্রুততম সময়ে সংস্কার চেয়েছিলাম৷ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ‘সংস্কার কমিশন’ গঠন ও সকল অংশীজনদের সাথে আলোচনার পর তফসিল ঘোষণার তারিখ পরিবর্তনের কথা বলেছি৷ সংস্কার বাদ দিয়ে নির্বাচনের দিকে আগালে নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে৷ সংস্কার বাদ দিয়ে জাকসুর তফসিল ঘোষণা করলে জাবি ছাত্রদল কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে আগাবে৷

অপরদিকে, জাকসুর রোডম্যাপ ঘোষণা হওয়ার পর ‘সংস্কারে’র প্রস্তাব তুলে ছাত্রদল জাকসু বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। ঘোষিত সময়ের মধ্যে জাকসুর তফসিল ঘোষণার দাবিতে ‘জাকসুর পক্ষে জাহাঙ্গীরনগর’ নামে একটি সর্বদলীয় প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন তারা৷

বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন,  তফসিল ঘোষনা বিকেলে হওয়ার কথা থাকলেও এখনো হচ্ছে না। অছাত্ররা প্রশাসনের সাথে মিটিং করেছে। তাদের দাবির কারনে নির্বাচন নিয়ে প্রশাসন তালবাহানা শুরু করেছে। তফশিল ঘোষণা নাহলে ভর্তি পরিক্ষা আয়োজন করতে দেওয়া হবে না।

 

Visited 43 times, 1 visit(s) today