-শামীম আহমেদ
বাংলা একাডেমির ইতিহাস, ঐতিহ্য, নান্দনিকতা সব কি ধুলোয় মিশে গেল? একুশে বইমেলাতে ছোটকালে বাবা-মা’র হাত ধরে যে শিশু উন্নত মানসিকতা তৈরীর নিমিত্তে সেই ধুলো-ঘাস মাড়িয়ে, শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, আহমদ ছফা, হুমায়ূন আহমেদ, হুমায়ূন আজাদ, আখতারুজ্জামান ইলিয়াস, জহির রায়হান, শহীদুল জহির, তিন গোয়েন্দার বই কিনতে যেত; সেই ধারাবাহিকতায় সেখানে কি তারা এবার থেকে ঘৃণা, বিদ্বেষ, হীনমন্যতা, অন্যকে ছোট করার কলাকৌশল শিখবে? এই বই মেলায় ভিন্ন ভাষার বই থেকে কোরআন-হাদীসের বাণী, রূপকথা থেকে ইতিহাস, সেবা প্রকাশনী থেকে বাংলা একাডেমির কত প্রাচীন, ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ বই-ই না বের হয়েছে। এই জায়গাটাকে আমরা ভাবতাম বাঙালির রুচি তৈরীর উৎসব, দেশের প্রতি মমত্ববোধ বাড়ানোর কারখানা, ভবিষ্যৎ গড়ার শিল্পী সৃষ্টির ভিত্তি, অথচ সেখানে আজ যা হচ্ছে তা বিবমিষার উদ্রেক করে।
সরকার যায় সরকার আসে, ব্যক্তি তার রাগ, ঘৃণা অনেক কিছুই প্রকাশ করতে পারে। কিন্তু একটা সরকার, এবং সেই সরকারের সর্বোচ্চ অবস্থানে থাকা, সবচেয়ে ক্ষমতাধর মানুষরা যখন একজন সাবেক প্রধানমন্ত্রীর বিকৃত ছবি আনুষ্ঠানিকভাবে ডাস্টবিন বানিয়ে বইমেলার মতো আয়োজনে বসিয়ে দেয়, তাদের প্রতি করুণা ছাড়া আর কিছুই থাকে না। বোকামি, অদূরদর্শিতা ও অযোগ্য নেতৃত্বের কারণে কীভাবে একটি দেশের ঘৃণা ও থুতুর স্থান আস্তে আস্তে লক্ষ্য পরিবর্তন করে সেটি ইউনুস সরকার, তার প্রেস সেক্রেটারি ও তাদের পঞ্চতান্ডব দেখিয়ে দিচ্ছে। ইট মারলে পাটকেল খেতে হয়, থুতু উপরে মারলে নিজের মুখের উপরই এসে পড়ে, সেটি তারা বোধহয় পাঁচ মাসেই ভুলে গেছেন।
তারা শেখ হাসিনার প্রতি ক্ষুব্ধ এই কারণে নয় যে তিনি ১৫ জুলাই থেকে ৫ অগাস্ট সঠিকভাবে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন; তাদের রাগ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ডাক দিয়ে তার বাবা কেন এই দেশকে স্বাধীনতার নেতৃত্ব দিলেন, কেন তার বাবাকে হত্যার পর তিনি আবার ফিরে এসে সেই গনতন্ত্রকে এই দেশে পুনর্প্রতিষ্ঠিত করলেন! এই রাগ এক-দুই বছরের না। এই রাগ ৫৪ বছরের পুরনো। এই রাগ রক্তের বীজে বীজে ছড়িয়ে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এসেছে। এই রাগ দেশদ্রোহিতার, এই রাগ পরাজিত শক্তির এবং এই রাগ দুর্বল শক্তির। দুর্বল, নতজানু ও পরাজিত শক্তিই কেবল রাষ্ট্র পরিচালনায় গেলে নিজের দেশের এক সাবেক সরকার প্রধানকে ডাস্টবিনে ধারণ করে নিজেদের হীনমন্যতাকে প্রকাশ করতে পারে।
এবং খুব স্বাভাবিকভাবেই তারা মেলার ব্যানারে ১৯৭১ উল্লেখ করতে ভয় পায় – ৭১ তাদের আত্মায় কাঁপুনি ধরিয়ে দেয়। ৭১ তাদের আতংকের নাম। ডঃ ইউনুস আর কত নিচে নামতে পারবেন জানি না, কিন্তু যতটুকু নিচে নেমেছেন, তার থেকে তার আর কখনও উঠে আসার সুযোগ নেই। দুর্ভাগ্য তিনি নিজের সাথে সাথে দেশটাকে গড্ডালিকা প্রবাহে নামালেন।
#শামীমআহমেদ #একুশে #বইমেলা #বাংলাদেশ #পূর্বপাকিস্তান
