তিন দিনে ডাস্টবিন, পুকুর ও দিঘিতে মিলল নারীদেহের ৮ টুকরো

তিন দিনে ডাস্টবিন, পুকুর ও দিঘিতে মিলল নারীদেহের ৮ টুকরো
শেয়ার করুন
স্থানীয় সংবাদদাতা

বরিশালের কাশীপুর এলাকার ইছাকাঠিতে গত তিন দিনে একটি দিঘি, সংলগ্ন পুকুর এবং আশপাশের এলাকা থেকে মানবদেহের ৮টি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ মঙ্গলবার, ২৮শে জানুয়ারি উদ্ধার হওয়া একটি হাত দেখে পুলিশ ধারণা করছে, এটি কোনো নারীর দেহাংশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, ওই নারীকে হত্যার পর দেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছে। তবে মাথা ও ধড় না পাওয়ায় এখনও নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র জানায়, বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের সীতারামের দিঘি, আলতাফ হোসেনের পুকুর এবং একটি ডাস্টবিন থেকে খণ্ডিত দেহাংশগুলো উদ্ধার করা হয়। প্রথমে রোববার, ২৬শে জানুয়ারি দিঘি থেকে একটি পা উদ্ধার করা হয়। এরপর একে একে অন্যান্য দেহাংশ পাওয়া যায়।

এলাকাবাসীর ভাষ্য, তাদের এলাকার কেউ নিখোঁজ নেই। তারা সন্দেহ করছেন, দূরে কোথাও হত্যার পর লাশ টুকরো টুকরো করে এখানে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে রক্তমাখা একটি প্লাস্টিকের বস্তাও পাওয়া গেছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানিয়েছেন, উদ্ধার হওয়া দেহাংশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার শহিদুল ইসলাম বলেছেন, উদ্ধার হওয়া হাত দেখে এটি নারীর দেহাংশ বলে মনে হচ্ছে। মেট্রোপলিটন পুলিশের চার থানায় এ পর্যন্ত কারও নিখোঁজের কোনো তথ্য মেলেনি। এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড।

পরিচয় শনাক্তে থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে বলে জানান তিনি।

Visited 60 times, 1 visit(s) today