নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার নাম ও স্লোগান সম্বলিত প্যাড ব্যবহারের অভিযোগে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার সন্ধ্যায় উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক সুমন কান্তি বড়ুয়া স্বাক্ষরিত এক আদেশে এ বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
অধ্যাপক সুমন কান্তি বড়ুয়া জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার বিকেলে জরুরি বৈঠক করে এই সিদ্ধান্ত নেয়।
জানা গেছে, গোলাম সরোয়ারকে বরখাস্তের দাবিটা তুলেছিল জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা। তারা এ নিয়ে লিখিত অভিযোগ দেয়। তাদের চাপের কারণেই কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়।
গত ১৩ই জানুয়ারি গোলাম সরোয়ার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে সরকারি ভ্যাট ও উৎসে কর পরিশোধ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। তবে বিজ্ঞপ্তির প্যাডের উপরের ডান কোণে “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” স্লোগানসহ একটি লোগো দেখা যায়।
ঘটনাটি নজরে আসার পর গোলাম সরোয়ারের শাস্তির দাবিতে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন সমন্বয়করা। এরপর ঘটনাটি নিয়ে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে।
বিশ্ববিদ্যালয়ের আদেশে বলা হয়, স্লোগান সম্বলিত ‘নিষিদ্ধ’ প্যাড ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে, যা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আচরণবিধির ৪ ধারা লঙ্ঘন করে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের ১১(৭) ধারা অনুযায়ী গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। আদেশ অনুযায়ী, বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
