পদ্মা নদীতে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ

পদ্মা নদীতে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পূর্বনাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশে খবর দেন। পরে নৌ-পুলিশের একটি দল পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর সাইফুল আলম জানান, নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরে মাঝিরঘাটের পশ্চিম দিকে পদ্মা নদীর পাড়ে একটি মরদেহ ভেসে থাকতে দেখে এলাকাবাসী। তারা বিষয়টি নৌ পুলিশকে জানালে, নৌ পুলিশের একটি দল পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ইন্সপেক্টর সাইফুল আলম বলেন, “মাঝিরঘাট এলাকার পদ্মা নদীতে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ ভেসে থাকার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। পদ্মাসেতু দক্ষিণ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং লাশটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, মরদেহটি পঁচে যাওয়ার ফলে চামড়া উঠে গেছে, তবে মাথার চুল ছিল। নিহত নারীর পরনে সাদা পায়জামা, সাদাকালো গেঞ্জি ও লাল ফুলহাতা সোয়েটার ছিল। পরিচয় নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Visited 15 times, 1 visit(s) today