স্থানীয় সংবাদদাতা
শতাধিক পণ্যে শুল্ক ও কর আরোপ, টিসিবির ট্রাক সেল বন্ধ এবং ৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
বৃহস্পতিবার ১৬ই জানুয়ারি সকালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে মিছিল শুরু হয়ে বসুরহাট পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বসুরহাট জিরো পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেএসডি স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া এবং সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী।
বক্তারা টিসিবির ট্রাক সেল বন্ধ, ফ্যামিলি কার্ড বাতিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যে অতিরিক্ত শুল্ক ও কর আরোপের কারণে অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেন। তারা শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু এবং ন্যায্যমূল্যের দোকান খোলার দাবি জানান।
সমাবেশ থেকে কোম্পানীগঞ্জের মুছারপুর এলাকায় নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।
এ সময় জেএসডির স্থায়ী কমিটির সদস্য সিরাজ মিয়া দলটির সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীকে নোয়াখালী-৫ আসনের জাতীয় সংসদ নির্বাচনে জেএসডির প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেএসডির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক, নোয়াখালী জেলা জেএসডির সভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি মো. আলাউদ্দিন ও কাজল হাজারী, সাধারণ সম্পাদক নূর রহমান, যুগ্ম সম্পাদক মো. সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রশিদ আল মামুন, প্রচার সম্পাদক মজিবুর রহমান রুবেল এবং সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন।
