অন্তর্কোন্দলে সংগঠন ছাড়লেন সমন্বয়ক নীলা

অন্তর্কোন্দলে সংগঠন ছাড়লেন সমন্বয়ক নীলা
শেয়ার করুন

অনিয়ম, অন্তর্কোন্দল ও নোংরামির শিকার হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রামের সমন্বয়ক নীলা আফরোজ। বুধবার রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। সেই পোস্টে তিনি দেশ সংস্কারের নামে দেশে নাটকীয় নোংরামি চলছে বলে অভিযোগ করেন।

নীলা ফেসবুক পোস্টে লিখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পর্ক ইতি টানার সময় এসেছে। বন্ধুত্ব, প্রেম, পারিবারিক সম্পর্ক যা ই হোক আমি ততক্ষণ পর্যন্ত এফোর্ট দেওয়ার চেষ্টা করি যতোক্ষণ পর্যন্ত না আমি সম্পূর্ণভাবে শূন্য হয়ে যাই। এই সংগঠনের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে, এই সংগঠনকে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই। আন্দোলন টা ছিলো মেধার লড়াই, সেটা পার করে স্বৈরাচারের পতন অবধি এক প্রাণ এক দেহ থাকলেও দেশের সংস্কারের বেলায় এসে যেই নাটকিয় নোংরামির তোপে পড়তে হয়েছে এসব আমি কখনো কল্পনাও করিনি। আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই এবং আমি কোনো মতাদর্শই ধারণ করি না। আমি আন্দোলনে ছিলাম ভাইদের রক্তের বিচারের জন্য এর পরে যুক্ত ছিলাম দেশমাতৃকার টানে। তবে এখন যেই রাজনৈতিক নোংরামি চলছে আমি সেসবের সাথে লড়াই করতে পারবোনা। তাই এই সংগঠনের সাথে সকল সম্পর্ক ইতি টানলাম।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এই আন্দোলনের মাধ্যমে যাদের সাথে পরিচয় হয়েছে কারো সাথেই আমার ব্যক্তিগত কোনো কোন্দল নেই, বাক বিতন্ডা যা হয়েছে সংগঠন নিয়ে হয়েছে। সেই সূত্র ধরে কারো সাথে আমি খারাপ আচরণ করে থাকলে আমাকে ক্ষমা করবেন, মনে কষ্ট রাখবেন না। আমিও আমার মনে কাওকে নিয়ে কোনো ক্ষোভ রাখিনি এবং সবাইকে ক্ষমা করে দিয়েছি।

Visited 168 times, 1 visit(s) today