সংবাদ প্রতিবেদন
রাজধানীর ডেমরায় এক কিশোরীকে (১৭) বাড়িতে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোহাগ মিয়া (২০) এবং তার বন্ধু আল আমিন হোসেন ওরফে বাবু, মো. মিলন (২৪) ও মো. সাজু (২৫)।
জানা যায়, ভুক্তভোগী কিশোরী ডেমরার একটি প্যাকেজিং কারখানায় চাকরি করে। ফেসবুকে সোহাগ মিয়া নামের এক তরুণের সঙ্গে পরিচয়ের সুবাদে দুজনের মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সোমবার বিকেলে কিশোরীকে দেখা করতে ডাকেন সোহাগ। দেখা করার পর ডেমরা থানার লাল শাহ মাজার রোডের একটি বাড়িতে ওই কিশোরীকে নিয়ে যান সোহাগ। সেখানে আগে থেকেই অবস্থানরত সোহাগের অপর দুই বন্ধু মিলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।
এ ঘটনায় মঙ্গলবার ওই কিশোরী ডেমরা থানায় ধর্ষণের মামলা করে।
ওসি মাহমুদুর রহমান বলেন, ঘটনা তদন্তকালে কিশোরীর জবানবন্দি পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ধর্ষকদের শনাক্ত করা হয়। গতকাল রাতে ডেমরার আমতলা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বর্তমানে সেই ভুক্তভোগী কিশোরীকে ডিএনএ পরীক্ষা ও চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন।
