পরীক্ষাদানে বাধা, সেনাবাহিনী নিয়ে গেল ছাত্রলীগের ৯ কর্মীকে

পরীক্ষাদানে বাধা, সেনাবাহিনী নিয়ে গেল ছাত্রলীগের ৯ কর্মীকে
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে সেমিস্টারের সমাপনী পরীক্ষা দিতে বাধা দেওয়া হলো ছাত্রলীগের নেতাকর্মীদের। এসময় তাদের ওপর হামলা চালায় ছাত্রদল ও শিবির কর্মীরা। পরে আহত ছাত্রলীগ নেতাকর্মীদের তুলে দেওয়া হয় হয় সেনাবাহিনীর হাতে।

এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা ছাড়াও কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন। ১০ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার ৫ই জানুয়ারি দুপুরে মুন্সীগঞ্জের পলিটেকনিক ইনস্টিটিউটে এই ঘটনা ঘটে।

জানা যায়, ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসে এসেছে, এমন খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল ও শিবির কর্মীরা তাদের পিটিয়ে আহত করে। এতে আহত ছাত্রলীগ নেতাকর্মীরা আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিজানুর রহমান জানান, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ম সেমিস্টারের তিন বিভাগের এবং অন্য সেমিস্টারের শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগের মৌখিক পরীক্ষা ছিল। এতে অংশ নিতে ক্যাম্পাসে আসেন ছাত্রলীগ সম্পৃক্ত শিক্ষার্থীরা। তাদের আগমনের খবর জানাজানি হলে দুপুর ১২টার দিকে উত্তেজনার সৃষ্টি হয়।

সাধারণ শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগ কর্মীরা যেন পরীক্ষা দিতে না পারেন, সেজন্য ছাত্রদল ও শিবির কর্মীরা তাদের পেটায়। একপর্যায়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা দেখা দিলে পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও সেনা সদস্যদের খবর দেওয়া হয়। তারা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে ছাত্রলীগ কর্মীসহ কয়েকজনকে ধরে নিয়ে যায়।

জানা যায়, মারামারির দায়ে দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের ছাত্রদল ও শিবিরের কয়েকজন কর্মীকে সেনাবাহিনী ধরে নিয়ে যায়। তারা ছাত্রলীগের সাথে জড়িত নয় দেখে তাদের ছেড়ে দেওয়া হয়, তারা এসে পরীক্ষায় অংশ নেন। তবে ছাত্রলীগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে দেওয়া হয়নি। সমাপনী পরীক্ষা হওয়ায় এই শিক্ষার্থীদের উত্তীর্ণ হওয়ার কোনো সুযোগ রইল না।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সজিব দে জানান, আটকদের থানা হাজতে রাখা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Visited 73 times, 1 visit(s) today