আন্তর্জাতিক
বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজ্যটির উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত রেলওয়ে স্টেশন থেকে ওই ৩ যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত তিনজনই কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ‘বজরং’ দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ৫ই ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত রেলস্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে ছিল হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের বেশ কয়েকজন সদস্য। এসময় পতাকা অবমাননার অভিযোগে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
গ্রেপ্তারকৃত তিনজনের নাম আর্য দাস, সুবীর দাস ও রিপন চট্টোপাধ্যায় বলে জানা গেছে। তারা বজরং দলের সদস্য বলে স্বীকার করেছেন সংগঠনের নেতা বাপন বিশ্বাস।
তিনি জানান গ্রেপ্তার তিন কর্মীকে মুক্তি দেওয়া না হলে তাহলে তারা বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেবেন।
সংবাদমাধ্যম বলছে, বারাসত রেলওয়ে স্টেশনে বাংলাদেশের পতাকা এঁকে তার ওপর দাঁড়ানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হল।
বুধবার বারাসত স্টেশনের ৫নং প্ল্যাটফর্মে রঙ দিয়ে বাংলাদেশের পতাকা আঁকতে থাকেন বজরং দলের সদস্যরা। পরে সেই পতাকা এঁকে পা দিয়ে মাড়ানোর অভিযোগ ওঠে। আর এ খবর পেয়েই তিনজনকে গ্রেপ্তার করে বারাসত পুলিশ।
সম্প্রতি ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা-ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটে।
এরপর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করে কড়া প্রতিবাদ জানায়। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করার পাশাপাশি আরও ৭ জনকে গ্রেপ্তার করে ত্রিপুরা পুলিশ।
পতাকা অবমাননার পাল্টাপাল্টি ঘটনাগুলোর সূত্রপাত বাংলাদেশ থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভারত, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্টের পতাকা এঁকে বা প্রিন্ট করে তা অবমাননার অসংখ্য ঘটনা ঘটেছে। এমনকি অনেক ছবিতে দেখা গেছে. টয়লেটের প্যানেও ভারতীয় পতাকা এঁকে দেওয়া হয়েছে। কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর প্রবেশ পথে ভারতের পতাকা এঁকে তার ওপর জুতা মাড়ানো হচ্ছে।
এই ঘটনাগুলোর ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিবাদ জানানো হয় ভারতজুড়ে। সেখানে কয়েকটি স্থানে বাংলাদেশিদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ভারতীয়রা। কিছু এলাকায় হোটেল এবং হাসপাতালে বাংলাদেশিদের সেবা না দেওয়ার ঘোষণাও এসেছে। একই ঘটনার প্রেক্ষিতে ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে।
যদিও বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননার দায়ে কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি ড. ইউনূসের অন্তর্বর্তী সকার। উল্টো ভারতের প্রতি অসন্তোষ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়য়।
