মানুষকে জিম্মি করে আন্দোলন নয়: আসিফ নজরুল

মানুষকে জিম্মি করে আন্দোলন নয়: আসিফ নজরুল
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনে জনজীবন বিপর্যস্ত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি আন্দোলনকারীদের সাধারণ মানুষকে জিম্মি না করার পরামর্শ দিয়ে এই দাবিকে “অযৌক্তিক” হিসেবে অভিহিত করেছেন।

মঙ্গলবার ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চাইলেই রাতারাতি কোনো সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয়। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং আন্দোলনকারীদের এই দাবি অবাস্তব।

তিনি আরও বলেন, ট্রেনে আক্রমণ করে নারী ও শিশুদের আহত করা অমানবিক। আন্দোলনের নামে সাধারণ মানুষের ক্ষতি করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সরকার যখন কঠোর হবে, তখন যথাযথ কঠোরতাই দেখানো হবে।

সোমবার থেকে শুরু হওয়া এই আন্দোলনে শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং এলাকায় রেলপথ ও সড়ক অবরোধ করে, যা বিকেল ৪টা পর্যন্ত চলতে থাকে। পরে রাতে তারা কলেজের সামনের সড়কে অবস্থান নেন এবং মঙ্গলবার কলেজ ‘ক্লোজডাউন’ কর্মসূচি ঘোষণা করেন।

তিতুমীর কলেজের আন্দোলনকারী সংগঠন ‘তিতুমীর ঐক্য’ জানিয়েছে, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার ইতিবাচক ঘোষণা না এলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে। তবে এই অবস্থার অবসান ঘটানো হবে।

এই বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেছেন, তারা তাদের দাবির প্রতি সরকারের আন্তরিকতা দেখতে চান। তবে জনদুর্ভোগ এড়াতে মঙ্গলবার থেকে তারা রেল ও সড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে এসে ক্লোজডাউন কর্মসূচি পালন করছেন।

আন্দোলনের ফলে ঢাকার মহাখালী এলাকায় যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটে এবং ট্রেন চলাচলও ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে মোতায়েন ছিল।

Visited 12 times, 1 visit(s) today