নিজস্ব প্রতিবেদক
সালমান মুক্তাদিরের স্টুডিও ও মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই দুটি ঘটনা গুরুতর ফৌজদারি অপরাধ হলেও তা শুধু অপরাধের মধ্যে সীমাবদ্ধ নয়। তার ভাষায়, এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড রাষ্ট্রের আইন ও কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জের শামিল।
আসিফ নজরুল বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে। এসব ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেফতার করতে হবে—শুধু মাঠপর্যায়ের সরাসরি অংশগ্রহণকারীদের নয়, নেপথ্যে থাকা ব্যক্তিদেরও আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অপরাধ প্রতিরোধে ব্যর্থতার পেছনে কিছু বাস্তব সীমাবদ্ধতা থাকতে পারে। তবে অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধী শনাক্ত, গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে ব্যর্থতার কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। এই ঘটনাগুলোকে তিনি সরকারের জন্য একটি স্পষ্ট “ওয়েক-আপ কল” বলে অভিহিত করেন।
