নিষিদ্ধ সংগঠন হিন্দাল শারক্বিয়ার ১০ জঙ্গি জামিনে মুক্ত

নিষিদ্ধ সংগঠন হিন্দাল শারক্বিয়ার ১০ জঙ্গি জামিনে মুক্ত
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

নাশকতা মামলায় র‌্যাবের অভিযানে বান্দরবানে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ১০ জঙ্গির জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ১৮ই নভেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ জামিন মঞ্জুর করেন।

জামিন প্রাপ্ত জঙ্গিরা হলেন- বরিশালের কোতোয়ালি এলাকার আব্দুস সালাম (২৮), পটুয়াখালীর মহিপুর এলাকার মো. ওবায়দুল্লাহ (৩০), কুমিল্লার লাকসাম এলাকার জোবায়ের আহম্মেদ (২৯), পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকার জুয়েল মাহামুদ (২৭), দশমিনা উপজেলার শামীম হোসেন (২৬), মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর রিয়াজ শেখ (২৪), বরগুনার বেতাগী এলাকার মো. সোহেল মোল্লা (২২), মাগুরার বালিদিয়া এলাকার মো. আবু হোরায়রা (২২), কুমিল্লা সদর এলাকার দিদার হোসেন (২৫) ও চট্টগ্রামের মোহাম্মদপুর এলাকার ইমরান হোসেন (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকা থেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ৩২ জঙ্গিকে গ্রেপ্তার করেছিল র‌্যাব।

সোমবার আদালতে তাদের মধ্য থেকে জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ জঙ্গিকে জামিন দেন আদালত।

বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি জয়নাল আবেদিন ভূঁইয়া বলেন, আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে জনপ্রতি ৫ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন আদালত।

এর আগে, গত ২৪শে নভেম্বর ৪টি মামলায় একই সংগঠনের ৩২ সদস্যকে জামিন দেওয়ার পর জামিনের শর্তভঙ্গের কারণে জামিন বাতিল করেছিলেন আদালত।

Visited 24 times, 1 visit(s) today