১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হওয়া সব ফৌজদারি মামলা প্রত্যাহার

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হওয়া সব ফৌজদারি মামলা প্রত্যাহার
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

গত ১লা জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত দায়ের হওয়া প্রায় সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেছেন, সাইবার সিকিউরিটি আইনে ‘কথা বলার অধিকারের জন্য’ যেসব মামলা হয়েছে, সেগুলোও সব বাতিল হয়ে যাবে। তবে হ্যাকিং ও সাইবার অপরাধ সংক্রান্ত মামলাগুলো চলমান থাকবে।

মঙ্গলবার ১৯শে নভেম্বর “অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত” শীর্ষক সংবাদ সম্মেলনে আইন মন্ত্রণালয়ের বিগত ১০০ দিনের কর্মকাণ্ড তুলে ধরেন আইন উপদেষ্টা।

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সারাদেশে ৪,৩০০ জন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, এতো বেশি সংখ্যক নিয়োগ বাংলাদেশে এর আগে ঘটেনি। এর মাধ্যমে সব উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহার করা সম্ভব হবে।

এখন যে ঢালাও মামলা হচ্ছে, মামলা বাণিজ্য করা হচ্ছে; তাও প্রতিরোধ করা সম্ভব হবে। যারা এমন ‘মামলা বাণিজ্য’ করছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, বলেন আইন উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে প্রশ্ন করেন সাংবাদিক- অন্তর্বর্তী সরকারের বিষয়ে সর্বত্রই একটি প্রশ্ন শোনা যায়, সেটি হলো তারা কত দিন থাকবে, তাদের মেয়াদ কত দিন হবে, নির্বাচন কবে হবে?

উত্তরে অধ্যাপক আসিফ নজরুল বলেন, এটি আইন মন্ত্রণালয়ের বিষয় না। তবে আপনাকে একটি বিষয় বলি, আমরা মোস্ট অ্যাসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা জাস্ট এই জিনিসটা চাই না যে, আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক।

আমরা এটাও চাই না- নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই, বলেন আসিফ নজরুল।

Visited 8 times, 1 visit(s) today