বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান

বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান
শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা, কলকাতা


বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকা সন্দেহভাজনদের খোঁজে পশ্চিমবঙ্গে অভিযান চালাচ্ছে ভারতীয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার ভোর থেকেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তল্লাশি শুরু করেছেন তদন্তকারী অধিকর্তারা।

তদন্তসূত্রের খবর, আল কায়েদার শাখা সংগঠন হিসেবে পরিচিত ‘জামাতুল মুজাহিদিন বাংলাদেশ’ (জেএমবি) এবং ‘আনসারুল্লা বাংলা টিম’-এর মতো নিষিদ্ধ সংগঠনগুলির ‘স্লিপার সেল’ রাজ্যে ছড়িয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান।

সূত্রের খবর, এ দিন ভোর থেকে অন্তত পাঁচটি জায়গায় হানা দিয়েছে এনআইএ। দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের মুন্ডেহের গ্রামে মিজানুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চলছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পালিশগ্রামেও অভিযান চালাচ্ছেন গোয়েন্দারা। সেখানে এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের দাবি। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেও পৌঁছেছে এনআইএ-র আরও একটি দল।

আসামের ঘটনার সূত্র

এ বছরের গোড়ায় আসামে জেএমবি-র ছায়া সংগঠন হিসেবে পরিচিত ‘ইমাম মাহমুদুর কাফিলা’-র একাধিক সদস্যকে গ্রেফতার করে আসাম পুলিশ। তদন্তে জানা যায়, এই সংগঠন আসাম ছাড়াও পাশের রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় নিজেদের জাল বিস্তার করেছে।

ওই মামলার তদন্তেই উঠে আসে শাদ রাডির নাম। অভিযোগ, বাংলাদেশ থেকে ভারতে এসে মুর্শিদাবাদে আত্মীয়দের সাহায্যে সে ঘাঁটি গড়ে তুলেছিল। এমনকি এ দেশের ভোটার তালিকাতেও নিজের নাম তুলিয়ে নিয়েছিল বলে তদন্তকারীদের দাবি।

তদন্তকারীদের একাংশের মতে, আসামের ওই মামলা থেকে পাওয়া সূত্র ধরেই রাজ্যে এই অভিযান। তল্লাশিতে কোনও নথি বা ডিজিটাল সামগ্রী উদ্ধার হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। অভিযান চলছে।

Visited 199 times, 1 visit(s) today