কানাডা প্রতিনিধি
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্কের ফার্স্ট অ্যাভিনিউ ও ৪৭তম স্ট্রিট সংলগ্ন এলাকায় ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এক শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছে কানাডার মন্ট্রিয়েলভিত্তিক মানবাধিকার সংগঠন Global Alliance Against Atrocity and Violence on Humanity (GA3VH)।
সংগঠনটির চেয়ারপারসন ইশরাত আলম ও প্রেসিডেন্ট শাহাব উদ্দিন সাহা-র নেতৃত্বে গ্লোবাল অ্যালায়েন্সের অন্যান্য প্রতিনিধিরা নিজস্ব ব্যানার নিয়ে এই কর্মসূচিতে যোগ দেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে আগত আওয়ামী লীগের নেতাকর্মী, কানাডা আওয়ামী লীগের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে গ্লোবাল অ্যালায়েন্সের পক্ষ থেকে নিম্নলিখিত দাবিগুলো তুলে ধরা হয়:
- Accountable Government: সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
- Free and Fair Trial: প্রত্যেকের জন্য স্বাধীন, নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা।
- Lift the Ban on Awami League: আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।
- Free Media: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
- No Political Bans: রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিবর্তে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত করা।
- No Death Penalty: মৃত্যুদণ্ডের অবসান ঘটানো।
- Justice Must Be Fair: বিচারব্যবস্থার নিরপেক্ষতা ও ন্যায়বিচার নিশ্চিত করা।
- Minority Rights Must Be Honoured: ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা।
সমাবেশে গ্লোবাল অ্যালায়েন্সের চেয়ারপারসন ইশরাত আলম বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিয়ে উদ্বেগ তুলে ধরেন। তিনি রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে একটি জবাবদিহিমূলক সরকার, স্বাধীন বিচারব্যবস্থা এবং সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এবং দলটির নেতাদের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। ন্যায্য বিচারপ্রক্রিয়া, আত্মপক্ষ সমর্থনের অধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্যে রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

গ্লোবাল অ্যালায়েন্সের প্রেসিডেন্ট সাহাব উদ্দিন এবং সংগঠনের অন্যান্য প্রতিনিধিরাও সমাবেশে মানবাধিকার, রাজনৈতিক স্বাধীনতা ও ন্যায়বিচারের দাবির প্রতি সমর্থন জানান। তাঁদের বক্তব্যে রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো ব্যক্তি বা দলের মৌলিক অধিকার খর্ব না করা এবং সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করার প্রয়োজনীয়তা উঠে আসে।
ইশরাত আলম বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি শিশুদের মৃত্যু, টিকাদান কর্মসূচির ঘাটতি, কর্মসংস্থানের সংকট ও ক্রমবর্ধমান বেকারত্বের মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক বিষয়েও উদ্বেগ তুলে ধরেন। তিনি বলেন, দেশের জনগণের মৌলিক অধিকার, জনস্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের কার্যকর ভূমিকা ও জবাবদিহি অপরিহার্য।
গ্লোবাল অ্যালায়েন্সের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। চেয়ারপারসন ইশরাত আলম তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ, ধর্মনিরপেক্ষতা, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ইশরাত আলম বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ হওয়া উচিত গণতন্ত্র, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও আইনের শাসনভিত্তিক। তাঁর ভাষ্য, রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের পরিবর্তে সহনশীলতা, জবাবদিহি এবং সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে অনুষ্ঠিত এই সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে গ্লোবাল অ্যালায়েন্স বাংলাদেশের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ এবং দাবিগুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরে। সংগঠনটির এই কর্মসূচিতে ন্যায়বিচার, মানবাধিকার, রাজনৈতিক স্বাধীনতা, সংখ্যালঘুদের সুরক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রাধান্য পায়।
