❐ নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সাধারণ পাসপোর্টের অভ্যন্তরীণ নকশায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। পাসপোর্টে যুক্ত হচ্ছে ২০২৪ সালের জুলাইতে নিহত আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি।
তবে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ছবি যুক্ত না হওয়ায় তার অনুসারীরা ক্ষোভ জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
আজ ১৯শে জুলাই, রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে পাসপোর্টের নতুন জলছাপের তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ই-পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ পরিবর্তন করে সেখানে জুলাই ফুটিয়ে তুলতে চাইছে সরকার। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় জলছাপ হিসেবে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি।
জুলাইকে রাষ্ট্রীয়ভাবে স্মরণীয় করে রাখতেই পাসপোর্টের পাতায় এই নজিরবিহীন সংযোজন করা হচ্ছে।
পাসপোর্টের পৃষ্ঠাগুলোতে দেশের ঐতিহ্য ও ইতিহাসের নানা অনুষঙ্গকে নতুন আঙ্গিকে যুক্ত করা হয়েছে। প্রাকৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে ঝাউবনসহ কক্সবাজার সমুদ্র সৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির ছবি জলছাপ হিসেবে ব্যবহার করা হবে।
পাশাপাশি জাতীয় প্রতীক হিসেবে পরিচিত ফুল শাপলা, পাখি দোয়েল, মাছ ইলিশ ও ফল কাঁঠাল স্থান পেয়েছে। তবে কলারস ও শিল্পানুরাগীদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে যুক্ত হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’।
অনুমোদিত নতুন নকশা অনুযায়ী, পাসপোর্টের বিভিন্ন পৃষ্ঠায় জাতীয় স্মৃতিসৌধ, শহিদ মিনার, জাতীয় সংসদ ভবন এবং সুপ্রিম কোর্টের পাশাপাশি স্থান পেয়েছে কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানামনগর ও কার্জন হলের মতো দেশের প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনাগুলো।
তবে পাসপোর্টের আন্তর্জাতিক বৈধতার ক্ষেত্রে আগের নীতিই অপরিবর্তিত থাকছে।
প্রজ্ঞাপনে স্পষ্ট জানানো হয়েছে, পাসপোর্টের ডাটা পেইজে আগের মতোই— ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য এটি বৈধ’ থাকার বিষয়টি বহাল থাকছে।
