❐ স্থানীয় সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুর থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলামের বিরুদ্ধে একটি মানহানি মামলার আসামির কাছে ঘুষ দাবি করার গুরুতর অভিযোগ উঠেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১৯ সেকেন্ডের একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত।
জানা যায়, গত ২৩শে এপ্রিল গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কাশিজুলী গ্রামের বাসিন্দা মো. হযরত আলী গাজীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন।
ওই মামলায় মোট সাতজনকে আসামি করা হয়, যার মধ্যে ৩ নম্বর আসামি হলেন মো. জাকির মোড়ল। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় শ্রীপুর থানার এসআই মো. তাজুল ইসলামকে।
ফাঁস হওয়া অডিও রেকর্ডে তদন্ত কর্মকর্তা এসআই তাজুল ইসলামকে আসামি জাকির মোড়লকে ফোনে আঞ্চলিক ভাষায় বলতে শোনা যায়, ‘খরচপাতি দিলে মামলা হালকা-পাতলা করুম। না করলে কিন্তু পেঁচগি বাজাইয়া দিব।’
একই কথোপকথনে তিনি আরও বলেন, ‘যোগাযোগ করলে মামলা কোর্টে গেলে শেষ হয়ে যাবে। আমার সঙ্গে সরাসরি কথা বলতে বল।’
কথোপকথনের এক পর্যায়ে আসামি জাকির মোড়ল বারবার নিজেকে নির্দোষ দাবি করলে তদন্ত কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে বলেন, ‘তুমিও যোগাযোগ কর, তুমিও কিছু কর।’
জবাবে জাকির মোড়ল বলেন, ‘ভাই, আপনি তো তদন্ত করে দেখছেন এখানে আমার কোনো দোষ নেই।’
ঘুষ দাবির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এসআই মো. তাজুল ইসলাম।
তিনি দাবি করেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার ছবি ও কণ্ঠস্বর নকল করে অডিওটি তৈরি করা হয়েছে এবং তিনি আসামির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি।
তবে এ প্রসঙ্গে এক সাংবাদিককে কেন টাকা দিতে চেয়েছিলেন জানতে চাইলে তিনি জানান, শুধু দুপুরের খাবারের জন্য তিনি কিছু টাকা দিতে চেয়েছিলেন।
বিষয়টি নিয়ে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মিরাজুল ইসলাম জানান, বিষয়টি তারা ইতিমধ্যে অবগত হয়েছেন এবং যথাযথ তদন্ত সাপেক্ষে এই ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
