বিশ্লেষণ।। গণমাধ্যমে মব করে মবস্টাররাই খুলেছে প্যানডোরার বাক্স। কী ভাবছে তারেক রহমানের সরকার?

বিশ্লেষণ।। গণমাধ্যমে মব করে মবস্টাররাই খুলেছে প্যানডোরার বাক্স। কী ভাবছে তারেক রহমানের সরকার?
শেয়ার করুন

– ভীরু জমাদার

 

সম্প্রতি বাংলাদেশে খুব সাধারণ কয়েকটি ঘটনায় তোলপাড় হচ্ছে গণমাধ্যমের পরিবেশ। প্রথম ঘটনাটি সময় টেলিভিশনের। সময় টেলিভিশনের এমডি আহমেদ জোবায়ের চাকুরিচ্যুত করেছেন সিইও জোবায়ের বাবুকে। পরে বাবু একটি রাজনৈতিক দলের কর্মীদের নিয়ে টেলিভিশন ঘেরাও এবং দখল করার চেষ্টা করে ব্যার্থ হয়েছেন। পরে তিনি আহমেদ জোবায়ের কে আইনি নোটিশ পাঠিয়েছেন।

 

প্রায় একই সময়ের ঘটনা এখন টিভির। টেলিভিশন কর্তৃপক্ষ ৪ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছিল মাস দুয়েক আগে। অভিযোগ ছিল ওই চারজন নির্বাচনের আগে পরে একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে নেয়ার চেষ্টা করেছিল। এর কিছুদিন পর ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতারা টেলিভিশনকে আলটিমেটাম দেয়। সেখানে একটা নির্ধারিত সময় দিয়ে বলা হয়, ওই সময়ের মধ্যে হয় চারজনকে বহাল করতে হবে না হলে তালা ঝুলিয়ে দেয়া হবে টেলিভিশনে। পরে ওই চার কর্মীকে চাকরিতে ফিরিয়ে নেয়ার ব্যাপারে সমঝোতা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

 

অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই দুই টেলিভিশনের অর্থদাতা কিন্তু একটি শিল্প পরিবার। মোদ্দা কথা এই একই শিল্প প্রতিষ্ঠান দুটি ঘটনারই প্রতিপক্ষ। কিন্ত দুই প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে কথা বলে দেখা গেছে, দুই প্রতিষ্ঠানে দুই মতাদর্শীদের সঙ্গে তাদের লড়াই। পাঠক ধোঁয়াশা মনে হতে পারে। তাই আরেকটু ব্যাখ্যা করি। সময় টেলিভিশনের বরখাস্ত সিইও’র পক্ষ নিয়েছেন অর্থ দাতারা। এই সিইও নিজেকে সরকার ঘনিষ্ট দাবি করেন। আবার এখন টেলিভিশনে এসে এই একই অর্থদাতা কিন্তু সরকারপন্থীদের পক্ষ নিতে পারেননি।

 

পাঠক, সময় বা এখন টেলিভিশনের দখল পাল্টা দখল আমার আলোচনার বিষয় নয়। এই দুই উদাহরণে আমি আসলে বলতে চেয়েছি, ঢাকায় মিডিয়া দখলের যে পালা চলছে এর সঙ্গে আদর্শিক কারও কোন সম্পর্ক নেই। দখলবাজরা আসলে দখলবাজই। যে কোন পন্থী হওয়ার ঘোষণা দেয়াটা এখানে দখলের ছলনা মাত্র। আমি এই পরিস্থিকে সবাই সব সময় বলে মব । কারণ কোন সত্য ঢাকতে এর ওপর সুন্দর করে মিথ্যের প্রলেপ দেয়া এবং সত্য আটকে মিথ্যা প্রতিষ্ঠা করাইতো মব।

 

পাঠক লক্ষ্য করুণ, সময় এবং এখন টেলিভিশন যারা দখল করতে চান তারা প্রতিপক্ষকে আওয়ামী দোসর বলছেন। ২৪ এর আন্দোলনের পর সবসময় যে কোন মববাজদের প্রাথমিক বক্তব্য থাকে, তারা দোসরদের বিপক্ষে লড়ছেন। কিন্তু দেখা যাবে এই মবের বিপক্ষে যারা আছেন তাদের মধ্যে সবপন্থার লোকজন আছেন। সময় আর এখন টেলিভিশনের ক্ষেত্রে দেখুন একই মালিক একবার দোসর আরেকবার দোসর নন। এখানে কার ভূমিকা কী এটা মুখ্য নয়। মুখ্য হচ্ছে দখল। বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবসহ সবখানে যে দখলের খেলা চলছে, সবক্ষেত্রেই চিত্র একই।

 

“সবার ওপরে দখল সত্য তাহার ওপরে নেই”

 

আসলে মব নামের অদৃশ্য প্রলেপে ঢেকে আছে গোটা বাংলাদেশ। ৫ ই আগস্টের আরও আগে থেকে সত্য গোপনের সেই প্রলেপ দেয়া শুরু হয়েছিল। আজও দেয়া হচ্ছে । যারা কাজটি করছে তাদের সফল বলতেই হবে। কারণ এখনও বিশ্ববাসী জানে না কী হচ্ছে বা হয়েছে বাংলাদেশে। যাকিছু জানে তা সত্যের উপরিভাগ। যারা বাংলাদেশে থাকে তারা জীবন দিয়ে জানে যে এই সত্য অনেক গভীর। মবিস্টরা দক্ষ বলেই, তারা মব শুরু করেছে সাংবাদিকতার ওপর থেকে। সাংবাদিক ভয়ে আধমরা হয়ে গেছে। আর মবিস্টরা সবার সামনে বীরদর্পে ভরেছে পেট ও পকেট।

 

কিন্তু এখন সাধারণ নির্বাচনের পর ভয় বাড়ছে মববাজদের। কারণ মুখগুলো চেনা হয়ে গেছে এরইমধ্যে। সাধারণ মানুষ সর্বোচ্চ সাবধান এবং প্রস্তত। তাই মবিস্টরা বুঝতে পারছে পালানো যাবে না কোন মতে। যে কারণে তারা অনেকটা বন্য হয়ে উঠেছে নিজেকে বাঁচাতে। আক্রমন শুরু করেছে আরেক দফা। আর এবারও আক্রমনের প্রথম লক্ষ্য ধরেছে সাংবাদিকদের। কারণ এরা জানে সাংবাদিক ঠিকঠাক কাজ করতে পারলে আর মিথ্যাচার করা যাবে না। খুলে যাবে কোটায় চড়ে বিপ্লববাজির মুখোশ। লাখো মানুষ মিথ্যাবাদীদের টেনে হিচড়ে রাস্তায় নামিয়ে আনবে। সুতরাং তারা দক্ষ সাংবাদিকদের কাজ করতে দিতে নারাজ। সাংবাদিকদের একটি অংশকে বগলদাবা করেছে। সাংবাদিকদের সেই অংশও ওই রকম দুর্গন্ধময় যায়গায় গিয়ে খুশি। কারণ তাদেরও দরকার পদ পদবী এবং অর্থ।

 

যাই হোক, মববাজির আরেকটি উদাহরণ দিতে হচ্ছে। গত সপ্তাহে এমআরডিআই নামের একটি বেসরকারি সংগঠন বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স শিরোনামে দুই দিনের একটি সম্মেলনের আয়োজন করেছিল। যেখানে মূল আলোচনার বিষয় ছিল অনুসন্ধানী সাংবাদিকতা। এর অন্যান্য আলোচনাগুলোও ছিল অনুসন্ধানী সাংবাদিকতা কেন্দ্রিক৷ কনফারেন্স অংশ নেয়া সাংবাদিকরা জানান, দেশ বিদেশের সাড়ে পাঁচশ’ সাংবাদিক এতে অংশ নেন। ছিলেন সাংবাদিকতার শিক্ষকরাও। সবাই প্যানেল ভুক্ত হয়ে বিভিন্ন সেশনে নিজেদের অভিজ্ঞতা বিনময় করেন।

 

কিন্তু পরদিনই সোস্যাল মিডিয়ায় ট্রল শুরু হলো “এটা দোসরদের সম্মেলন” সেখানে যারা অংশ নিয়েছিলেন তারাই বললেন, এই ট্রলটি আরেকটি মব। কারও কারও কাছে জোকসও বটে। কারণ সম্মেলনের ডিনারে অংশ নিয়েছিলেন খোদ তথ্যমন্ত্রী। কখনও স্পিকার কখনো মডারেটর ছিলেন, তথ্য সংস্কার কমিশনার, ডেইলি স্টার সম্পাদক, সমকাল সম্পাদকসহ কয়েকজন সম্পাদক। যারা ২৪ এর আন্দোলন সমর্থন দিয়েছিলেন কাঠামোবদ্ধ সাংবাদিককতার বাইরে গিয়ে। এছাড়া ২৪শের পক্ষে অনলাইন অ্যাকটিভিস্টদের সংগঠক শাহেদ আলম এবং ২৪শের অন্যতম স্টেক হোল্ডার শিক্ষক নেটওয়ার্কের সংগঠক গীতিআরা নাসরিন ও ছিলেন।

 

সব শেষ ঘটনাটাটি ঘটে দুই তিন আগে। গঠিত হয়েছে টেলিভিশন এডিটরস কাউন্সিল। ৯ সদস্যের সাংগঠনিক কাঠামোও প্রকাশ হয়েছে। মজার ব্যাপার হচ্ছে জুলাই আন্দোলনের পক্ষে থাকা প্রধান দুই টেলিভিশনের কেউ এই কাঠামোতে নেই। তিন জন আছেন যারা কোনদিন টেলিভিশন কাজ করেছেন বলে কেউ শোনেনি। বাকিরা গণমাধ্যমে কাজ কাজ করেছেন এবং সবাই ছিলেন বিএনপি বিটের মধ্যম সারির রিপোর্টার। যে কারণে তাদেরকে প্রতিষ্ঠান প্রধান বানানোর কথা কেউ ভাবেনি। এদের মধ্যে দুই তিন জন অবশ্য আছেন, যারা সিনিয়র হলে কোন প্রতিষ্ঠানের নেতৃত্বে আসতে পারতেন।

 

পাঠক নিশ্চয়ই বুঝতে পারছেন নানান মিল এই নতুন এডিটরর্স কাউন্সিলের সবার মধ্যে আছে।

তারা সবাই ২৪শের ৫ই আগস্টের পর সিনিয়র সাংবাদিকদের দোসর ও মবের সূত্র দিয়ে সরিয়ে দিয়েছেন। চেয়ারে বসেই প্রতিদ্বন্দ্বী হতে পারে এমন সবাইকে চারপাশ থেকে সরিয়ে দিয়েছেন। নীপিড়ন করেছেন। আর এখন যখন দেখছেন, দেশ বিদেশের বহু মানুষ এবং সংগঠন সাংবাদিকদের পাশে দাঁড়াচ্ছে। রাজনীতিকরাও বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করেছেন তখন তারা একত্রিত হওয়ার চেষ্টা করছে। এই মবিস্ট এডিটরর্স কাউন্সিল নিদেজের নাম দিয়েছে, টেলিভিশন এডিটরস কাউন্সিল।

 

ইনিয়ে বিনিয়ে এত কথা বললাম, কারণ আমি একটি নালিশ দিলাম বর্তমান সরকার এবং বাংলাদেশের সভ্য মানুষের কাছে। এই নালিশ বাংলাভাষীসহ বিশ্বের সব সাংবাদিকের কাছেও। আমি আসলে আপনাদের বললাম, বাংলাদেশের বহু যোগ্য সাংবাদিক আজ কাজে নেই। তারা বেকার। প্রতিষ্ঠানের তৃতীয় টায়ারের কর্মীরা আসছেন নেতৃত্বে৷ এতে সামগ্রিক সাংবাদিকতার মান খারাপ হচ্ছে। অভিজ্ঞতার অভাব নিয়ে যারা নেতৃত্ব দিচ্ছে তারা ভাবছে এটাই সেরা। সব দর্শক আর পাঠকতো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন না। কিন্তু দুর্বল সাংবাদিকতার প্রভাব পড়ছে গোটা সমাজে। দুর্বল তথ্যে পথ চলে গোটা দেশ দুর্বল দিকেই যাচ্ছে নিশ্চিত।

 

এখানে একটি কথা না বললে সত্যের অপলাপ হবে। সেটা হচ্ছে আজকের এমন গলাচিপা সাংবাদিকতার সঙ্গে বাংলাদেশের সাংবাদিকরা কখনও পরিচিত ছিলেন না । এখানে সবসময় পেশাদার সাংবাদিকের সংখ্যাই বেশি। এদের কেউ কেউ রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু তাদের প্রায় সবাই খবরের সঙ্গে তার পক্ষ বিপক্ষ মেশাতেন না। সবাই সবার দর্শন জানতো। কেউ কাউকে তার দর্শন চর্চায় বাধা দিত না কিম্বা তাকে পেছনে টেনে ধরতো না। সিনিয়ররা প্রত্যেককে নিরাপদ রাখতো। কেউ কেউ রাজনীতির সুবিধা নিতেন না তা নয়। তবে সেই সংখ্যা মোট সাংবাদিকদের তুলনায় হাতে গোনা।

 

পাঠক, আমার কথা আপনারা মিলিয়ে দেখতে পারেন, বাংলাদেশে গত ২০ বছরে এত সাংবাদিক কখনও বেকার হননি। বিগত দিনে যারা কাজ পাননি, তারা যোগ্যতার অভাবে পাননি। আর সেই অযোগ্য লোকজনের একটি অংশ এখন কখনও পেছন থেকে আবার কখনও সামনে গিয়ে মিডিয়া দখল করছেন। আর কাজের লোকদের বলছেন দোসর। এখন যত দিন যাচ্ছে সেই প্রবণতা বাড়ছে। হুমকি ধামকির মাত্রা এত বেশি যে, যারা কাজে আছেন তারাও কথা বলতে পারছেন না।

 

বর্তমান প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ বিএনপির সিনিয়র নেতাদের কথায় অবশ্য মনে হচ্ছে, তারা এই অরাজকতার পক্ষে নন। কিন্তু ঘটনার পর ঘটনায় কর্মরত সাংবাদিক নিপীড়িত হচ্ছে। একের পর এক প্রতিষ্ঠান দখল হচ্ছে। অযোগ্যরা নেতৃত্ব নিয়ে প্রতিষ্ঠানগুলোর মান নামিয়ে আনছে। সাংবাদিক ইউনিয়নের দরজা তালাবন্ধ, জাতীয় প্রেসক্লাবে নির্বাচন বন্ধ তিন বছর। তবু কোন প্রতিকার নেই। প্রকাশ্যে এসব অনিয়মে সরকার এবং দেশের সভ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

 

ভীরু জমাদার
পেশাজীবী পর্যবেক্ষক

 

Visited 19 times, 1 visit(s) today