নিজস্ব প্রতিবেদক
‘মববাজদের’ সঙ্গে ছাত্রদল গত দুই বছর সহনশীলতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল নেত্রী ও সংসদ সদস্য মানসুরা আলম।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘পরিস্থিতি যাই হোক, মারামারি ইনিশিয়েট করাদের অবশ্যই চোখে চোখে রাখবেন।’
মারধরের ঘটনা ঘটলে কারা এতে আনন্দ পায়, তা দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ‘মববাজদের’ উদ্দেশে সতর্ক করে মানসুরা আলম বলেন, ‘আরেকটু সাবধানে মব তৈরি করতে। যে ঝামেলা সামলানোর ক্ষমতা নেই, সেটা না বানাইতে।’
ছাত্রদলের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্রদল না দাঁড়িয়ে থাকলে এখনো অনেকের রাজনৈতিক অস্তিত্ব হাওয়ায় ভেসে যাবে।’
গত দুই বছরে ছাত্রদল ‘মববাজদের’ সঙ্গে সহনশীল আচরণ করেছে দাবি করে মানসুরা আলম বলেন, ‘ছাত্রদল গত দুই বছর মববাজদের সাথে সহনশীলতার পরিচয় দিয়েছে। আগামীতে কতটুকু দিতে পারবে সেটা মববাজদের উপরেই নির্ভর করবে।’
তিনি আরও বলেন, প্রতিনিয়ত শিক্ষার্থীদের শান্তি নষ্ট করার এই সুযোগ ‘পলাতকেরা’ বিভিন্নভাবে নিতে পারে।
এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
