উখিয়ায় মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু: শোবার ঘরে মিলল ঝুলন্ত মরদেহ

উখিয়ায় মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু: শোবার ঘরে মিলল ঝুলন্ত মরদেহ
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


কক্সবাজারের উখিয়ায় নিজ ঘর থেকে গোলাপশা আক্তার (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গোলাপশা স্থানীয় একটি মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং ওই এলাকার ছৈয়দ মিস্ত্রীর মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল ১৩ই মে, বুধবার রাতে প্রতিদিনের মতোই নিজের ঘরে ঘুমাতে যায় গোলাপশা। আজ ১৪ই মে, বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় যাওয়ার সময় হলে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি শুরু করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে তারা ঘরের ভেতরে গিয়ে গোলাপশার নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি নিচে নামানো হয়।

গোলাপশার এই মৃত্যু নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় কিছু সূত্রের দাবি, প্রেমঘটিত কোনো বিরোধের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। শোনা যাচ্ছে, ইতিপূর্বে স্থানীয় এক যুবকের সাথে সে ঘর ছেড়েছিল, যদিও পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে আনেন।

তবে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান ভিন্ন একটি দিক তুলে ধরেছেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তিনি জানান, পড়াশোনা নিয়ে পরিবারের অতিরিক্ত চাপের কারণে হয়তো ওই শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ি ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Visited 1 times, 1 visit(s) today