মামলায় আসামি হওয়ায় দাখিল পরীক্ষায় বসতে পারছে না কিশোর নাদিম

মামলায় আসামি হওয়ায় দাখিল পরীক্ষায় বসতে পারছে না কিশোর নাদিম
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলায় কামরুজ্জামান নাদিম (১৬) নামে এক কিশোরকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারের আশঙ্কায় আত্মগোপনে থাকায় চলমান দাখিল পরীক্ষায় অংশ নিতে পারছে না সে।

নাদিম নাঙ্গলকোট আফসারুল উলূম কামিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি নাঙ্গলকোট পৌরসভার গোত্রশাল তুলা পুকুরিয়া হাজী বাড়িতে। সে হাজী আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময় দায়ের করা একটি সন্ত্রাস দমন মামলায় নাদিমকে ২৪ নম্বর আসামি করা হয়। টেস্ট পরীক্ষার আগের রাতে পুলিশ তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাড়িতে গেলে সে পালিয়ে যায়।

এরপর থেকেই সে আত্মগোপনে রয়েছে। ফলে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি তার।

নাদিমের মা ফাতেমা বেগম বিউটির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে ‘ছাত্রলীগ’ সংশ্লিষ্টতা দেখিয়ে হয়রানির জন্য তার ছেলেকে মামলায় জড়ানো হয়েছে। এতে পরীক্ষায় অংশ নিতে না পারায় তার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে তিনি জানান।

দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন বলেন, নাদিমের বিরুদ্ধে সন্ত্রাস দমন মামলার বিষয়টি তার জানা ছিল না। তবে সে মাদ্রাসার শিক্ষার্থী এবং এ বছরের দাখিল পরীক্ষার্থী। প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে তাকে সহযোগিতা করা হবে বলে তিনি জানান।

Visited 8 times, 1 visit(s) today