❐ নিজস্ব প্রতিবেদক
অর্থবছরের প্রথম ৯ মাসেই (জুলাই ২০২৫–মার্চ ২০২৬) নির্ধারিত বার্ষিক লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ঋণ নিয়েছে সরকার। সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ মার্চ পর্যন্ত ৯ মাসে সরকারের মোট ঋণ গ্রহণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৫১ কোটি টাকা, যা পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রা ১ লাখ ৪ হাজার কোটি টাকাকে ইতোমধ্যেই ছাড়িয়ে গেছে।
এদিকে, চলতি অর্থবছরে এখন পর্যন্ত ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণ স্থিতি বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৯৫৬ কোটি টাকা।
তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার নিয়েছে ৩২ হাজার ১৯৩ কোটি টাকা, ফলে কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৬১৬ কোটি টাকা।
অন্যদিকে, বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৯ মাসে নেওয়া হয়েছে ৭৩ হাজার ৮৫৮ কোটি টাকা, যার ফলে এ খাতে মোট ঋণ স্থিতি বেড়ে হয়েছে ৫ লাখ ২৬ হাজার ৩৩৯ কোটি টাকা।
উল্লেখ্য, ঋণ সংগ্রহ অব্যাহত রাখতে গত ১ এপ্রিল বিশেষ নিলামের মাধ্যমে ৫ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে সরকার। এছাড়া আজ ৮ এপ্রিল আরও ৫ হাজার কোটি টাকা সংগ্রহের জন্য বিশেষ নিলাম আহ্বান করা হয়েছে।
