❐ স্থানীয় সংবাদদাতা
নড়াইলে মন্দিরের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আচার্যকে কুপিয়ে-পিটিয়ে হামলার ঘটনা ঘটেছে। ফজর শেখ ও অলিয়ার শেখের সাথে পুরনো বিরোধকে কেন্দ্র করে কৃষ্ণপদের ওপর হামলা করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
গতকাল রাত সাড়ে ৮টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত কৃষ্ণপদ আচার্য (৭৩) ওই গ্রামের মৃত সন্তোষ আচার্যের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, মনসা মন্দিরের একটি জমি নিয়ে কৃষ্ণপদ আচার্যের সঙ্গে প্রতিবেশী ফজর শেখ ও অলিয়ার শেখের দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। এই বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।
ঘটনার দিন রাত ৮টার দিকে কৃষ্ণপদ আচার্য কালিয়া বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছোট কালিয়া গ্রামের সাঈদের দোকানের সামনে পৌঁছালে আশিকুর রহমান সুমন (৪০), আকিবুর রহমান মিলন (৩৭) ও মাহিদুল শেখ (৩৫) দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলায় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত আশিকুর রহমান সুমন, আকিবুর রহমান মিলন ও মাহিদুল শেখ পলাতক রয়েছেন। তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে, ফলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
