ইরানি বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাঠানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

ইরানি বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাঠানোর কথা স্বীকার করলেন ট্রাম্প
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ওয়াশিংটন, ৬ এপ্রিল: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলতি বছরের শুরুতে ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে অংশ নেওয়া লোকজনকে অস্ত্র সরবরাহ করা হয়েছিল, যাতে তারা ‘থাগ’ (দুষ্কৃতকারী)দের বিরুদ্ধে লড়াই করতে পারে। তবে অস্ত্রগুলো বিক্ষোভকারীদের কাছে না পৌঁছে কুর্দদের কাছে থেকে গেছে বলে তিনি অভিযোগ করেছেন।

ট্রাম্প বলেন, “তাদের (অস্ত্র) জনগণের কাছে পাঠানোর কথা ছিল, যাতে তারা এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে লড়াই করতে পারে। কিন্তু কী হয়েছে জানেন? যাদের কাছে পাঠানো হয়েছিল তারা সেগুলো রেখে দিয়েছে। তারা বলেছে, ‘কী সুন্দর বন্দুক, আমি এটা রেখে দেবো।’ তাই আমি একটি নির্দিষ্ট গোষ্ঠীর ওপর খুবই ক্ষুব্ধ এবং তারা এর জন্য বড় মূল্য দিতে যাচ্ছে।”

ট্রাম্প এ সময় কোন গোষ্ঠীর কথা বলছেন তা স্পষ্ট করেননি। তবে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, অস্ত্রগুলো কুর্দদের মাধ্যমে পাঠানো হয়েছিল এবং তিনি মনে করেন কুর্দরাই সেগুলো রেখে দিয়েছে।

ইরানে ২০২৫ সালের শেষভাগ থেকে ২০২৬ সালের প্রথমদিকে অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন কারণে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন হয়। ট্রাম্পের এই দাবি সেই প্রেক্ষাপটে এসেছে। তিনি আরও বলেন, ইরানি বিক্ষোভকারীদের সশস্ত্র করে তোলার উদ্দেশ্য ছিল তাদেরকে সরকারের বিরুদ্ধে শক্তিশালী করা।

ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ইরান সরকার এর আগে দাবি করেছিল যে, দেশের অস্থিরতার পেছনে পশ্চিমা শক্তির হাত রয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য সেই অভিযোগকে আরও জোরালো করতে পারে।

বর্তমানে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অন্য কোনো কর্মকর্তা বা দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

(তথ্যসূত্র: ফক্স নিউজ ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম)

Visited 8 times, 1 visit(s) today