বিডি ডাইজেস্ট প্রতিবেদন
হবিগঞ্জের চুনারুঘাটে মুরগিবাহী গাড়ি ছিনতাইয়ের অভিযোগে গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফারহান মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় সমালোচনার মুখে পড়ার পর তাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
রোববার (১৬ মার্চ) রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ মার্চ রাত ১০টার দিকে চুনারুঘাট উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড থেকে লেয়ার মুরগি নিয়ে যাওয়ার সময় প্রায় ১৬০টি মুরগি ছিনতাইয়ের ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, শাকিল ফারহান মিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি মুরগিবাহী একটি গাড়ি থামিয়ে মুরগিগুলো ছিনতাই করে। এ সময় গাড়ির চালক ও হেলপারের কাছ থেকে দুটি মানিব্যাগ ও একটি মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়।
পরে ঘটনাস্থলে কোম্পানির সুপারভাইজার আশফাক এগিয়ে গেলে তার মোটরসাইকেলের চাবিও কেড়ে নেওয়া হয়।
পরে স্থানীয়দের মধ্যস্থতায় মোটরসাইকেলের চাবি ও একটি মোবাইল ফোন ফেরত দেওয়া হলেও ছিনতাই হওয়া মুরগিগুলো আর উদ্ধার করা যায়নি।
এ ঘটনায় ১৩ মার্চ রাতে চুনারুঘাট থানায় প্রাণ-আরএফএল কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়। পরবর্তীতে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে পুলিশ।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়ে অভিযুক্ত ছাত্রদল নেতা। এরপরই জেলা ছাত্রদল তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
