ইয়ামালের শেষ মুহূর্তের পেনাল্টিতে হার এড়াল বার্সা

ইয়ামালের শেষ মুহূর্তের পেনাল্টিতে হার এড়াল বার্সা
শেয়ার করুন

লামিন ইয়ামালের নাটকীয় পেনাল্টি গোলে নিউক্যাসলের বিপক্ষে হার থেকে রক্ষা পেয়েছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

সেন্ট জেমস পার্কে ম্যাচের ৮৬ মিনিটে হার্ভি বার্নস গোল করলে জয়ের সুবাস পেতে শুরু করেছিল নিউক্যাসল। তবে যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে দানি অলমোকে ডি-বক্সের ভেতর মালিক থিয়াউ ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। চাপের মুখেও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের মতো ঠান্ডা মাথায় গোল করে দলকে সমতায় ফেরান ইয়ামাল।

আগামী ১৮ মার্চ ফিরতি লেগের ম্যাচের আগে হান্সি ফ্লিকের দল স্বস্তিতে থাকলেও, নিউক্যাসলের মাঠে তাদের পারফরম্যান্স ছিল প্রত্যাশার চেয়ে কিছুটা নিচে।

ম্যাচের আগে অসুস্থতার কারণে নিউক্যাসলের তারকা ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনকে বেঞ্চে বসতে হয়, যা দলটির জন্য বড় ধাক্কা ছিল। চলতি চ্যাম্পিয়ন্স লিগে কিলিয়ান এমবাপের পরেই গর্ডন ১০টি গোল নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। আক্রমণভাগে তার অভাব শুরু থেকেই অনুভব করেছে নিউক্যাসল।

প্রথমার্ধে নিউক্যাসল বেশ কয়েকবার বার্সেলোনার রক্ষণে চাপ সৃষ্টি করে। সান্দ্রো টোনালির একটি হেড গোলরক্ষক জোয়ান গার্সিয়া ঠিকমতো ধরতে না পারলেও গোললাইন থেকে বল ক্লিয়ার করে বার্সাকে বাঁচান পাউ কুবারসি।

দ্বিতীয়ার্ধেও স্বাগতিকরা গোলের জন্য মরিয়া হয়ে খেলে। ৭০ মিনিটের দিকে রবার্ট লেভানডভস্কি একটি সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন। এরপর লেভানডভস্কির বদলে মার্কাস র‍্যাশফোর্ডকে মাঠে নামান ফ্লিক। অন্যদিকে নিউক্যাসল কোচ এডি হাউ বদলি হিসেবে গর্ডনকে মাঠে নামান।

ম্যাচের শেষ দিকে নাটকীয়তা শুরু হয়। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা রোনাল্ড আরাউজোকে রেফারি দ্রুত ভেতরে ঢোকার অনুমতি না দিলে সেই সুযোগটি কাজে লাগায় নিউক্যাসল। আরাউজোর পজিশনে ফাঁকায় দাঁড়িয়ে থাকা হার্ভি বার্নস জ্যাকব মারফির ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে নেন।

তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে মালিক থিয়াউয়ের এক ভুলে সব লণ্ডভণ্ড হয়ে যায়। দানি অলমোকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ইয়ামাল গোলরক্ষক অ্যারন র‍্যামসডেলকে পরাস্ত করে বল জালে জড়ান। ফলে শেষ আটের টিকিট পেতে হলে পরের সপ্তাহে ক্যাম্প ন্যু-তে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে নিউক্যাসলকে।

Visited 15 times, 1 visit(s) today