বিডি ডাইজেস্ট প্রতিবেদন
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৭টি পদের মধ্যে সাতটিতে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরা।
বাকি পদগুলোর মধ্যে চারটিতে বিএনপিপন্থী এবং ছয়টিতে জামায়াতপন্থী প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
ফলে এবারের নির্বাচনে তিন প্যানেলের মধ্যেই সমানভাবে প্রভাব বিস্তারের চিত্র দেখা গেছে।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ফল ঘোষণা করা হয়। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত দুটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
যদিও ২০২৫ সালের নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
কিন্তু সেসবারও স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে দুজন আওয়ামীপন্থী আইনজীবী জয়ী হন। আর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয়টি পদে বিএনপিপন্থীরা জয়ী হয়েছিলেন। জ্যেষ্ঠ সহসভাপতিসহ ছয়টি পদে জয় পেয়েছিল জামায়াতপন্থী প্যানেল।
আর এবারের নির্বাচনে কেন্দ্র দুটি ছিল কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন এবং চকরিয়া উপজেলা চৌকি আদালত ভবন।
ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আহমদ কবির।
সমিতিতে মোট ভোটার ছিলেন ৯৪৮ জন। এর মধ্যে ৮৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং জামায়াতপন্থী আইনজীবী ঐক্য পরিষদ পৃথক প্যানেল দেয়। ১৭টি পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ৫০ জন।
সভাপতি পদে জয়ী হয়েছেন মো. আবদুল মন্নান, যিনি বিএনপিপন্থী প্যানেলের প্রার্থী ছিলেন। এ পদে জামায়াতপন্থী প্রার্থী দ্বিতীয় এবং আওয়ামীপন্থী প্রার্থী তৃতীয় হন।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জামায়াতপন্থী প্যানেলের মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী। এ পদে আওয়ামীপন্থী প্রার্থী দ্বিতীয় ও বিএনপিপন্থী প্রার্থী তৃতীয় হন।
বিএনপিপন্থী প্যানেল থেকে সহসভাপতি পদে মোহাম্মদ আবদুল্লাহ, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে শওকত ওসমান এবং নির্বাহী সদস্য পদে আজিজুল করিম নির্বাচিত হয়েছেন।
জামায়াতপন্থী প্যানেল থেকে জ্যেষ্ঠ সহসভাপতি পদে আবদুল বারী, সহসাধারণ সম্পাদক (সাধারণ) পদে জিয়াউদ্দিন মাহমুদ, জ্যেষ্ঠ নির্বাহী সদস্য পদে মোহাম্মদ নেজামুল হক ও এ কে এম শাহজালাল চৌধুরী এবং নির্বাহী সদস্য পদে এস এম জসিম জয়ী হয়েছেন।
আওয়ামীপন্থী প্যানেল থেকে সহসাধারণ সম্পাদক (হিসাব) পদে মো. মহিউদ্দিন, আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম, জ্যেষ্ঠ নির্বাহী সদস্য পদে ইকবালুর রশিদ আমিন ও জিয়াউদ্দিন আহমদ এবং নির্বাহী সদস্য পদে পারভীন সুলতানা ও সেকাব উদ্দিন নির্বাচিত হয়েছেন।
ফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. আহমদ কবির বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং এতে প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।
