স্পোর্টস ডেস্ক
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া জিম্বাবুয়ে যেন রূপকথা লিখছে ২০২৬ আসরে। অস্ট্রেলিয়ার পর এবার তাদের শিকার টুর্নামেন্টের অন্যতম সহ-আয়োজক শ্রীলঙ্কা। কলম্বোর মাঠে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে সিকান্দার রাজার দল।
বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ১৭৯ রানের লক্ষ্য ৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় জিম্বাবুয়ে। রান তাড়ায় জিম্বাবুয়ের শুরুটা ছিল দাপুটে। ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি উদ্বোধনী জুটিতে ৮.৩ ওভারে তোলেন ৬৯ রান। তবে মারুমানি ও রায়ান বার্ল দ্রুত বিদায় নিলে কিছুটা চাপে পড়ে দলটি।
সেই চাপ একাই সামাল দেন অধিনায়ক সিকান্দার রাজা। ১৫তম ওভারে চড়াও হয়ে টানা দুটি ছক্কা ও চার মেরে ২০ রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। ২৬ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে রাজা আউট হলেও, এক প্রান্ত আগলে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বেনেট। টুর্নামেন্টে এখন পর্যন্ত আউট না হওয়া এই তরুণ ক্রিকেটার ৪৮ বলে ৬৩ রানের লড়াকু ইনিংস খেলেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ারপ্লেতেই ১ উইকেটে ৬১ রান তোলে শ্রীলঙ্কা। মাত্র ৪.১ ওভারে দলীয় ৫০ পূর্ণ করে তারা, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের দ্রুততম ফিফটির রেকর্ড।
গত ম্যাচের নায়ক পথুম নিসাঙ্কা এদিনও ছিলেন আক্রমণাত্মক। ৪১ বলে ৮টি চারের সাহায্যে ৬২ রান করার পথে তিনি কুশল মেন্ডিসকে টপকে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান সংগ্রাহক
হওয়ার গৌরব অর্জন করেন।
তবে জিম্বাবুয়ের স্পিনার গ্রায়েম ক্রেমার (২/২৭) কামিন্দু মেন্ডিস ও নিসাঙ্কাকে ফিরিয়ে দিলে খেই হারায় স্বাগতিকরা। ১০০/২ থেকে মুহূর্তেই তাদের স্কোর দাঁড়ায় ১২৩/৪। শেষ দিকে পবন রথনায়েকের ২৫ বলে ৪৪ রানের ইনিংসে ভর করে ১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় শ্রীলঙ্কা।
জিম্বাবুয়ের হয়ে ব্র্যাড ইভান্স ও ব্লেসিং মুজারাবানি দুটি করে উইকেট নেন।
