নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের পদধারী ৬ জন আইনজীবী বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচনে তারা বিজয়ী হোন। নির্বাচিত হয়ে সভাপতি এডভোকেট আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, সভাপতি পদে সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু আওয়ামী পরিষদের সদস্য এডভোকেট আব্দুল হামিদ তিনজন প্রার্থীকে পরাজিত করে এবং বঙ্গবন্ধু আওয়ামী যুব পরিষদের সদস্য এডভোকেট হুমায়ুন কবির ৫ জন প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন।
এছাড়াও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এডভোকেট প্রসেনজিত দে সহসভাপতি পদে, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুল খালেক যুগ্ম সাধারণ সম্পাদক পদে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবুল হোসেন অর্থ সম্পাদক পদে এবং দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সোহেল আহমদ পাঠাগার সম্পাদক পদে বিজয়ী হন।
এদিকে সভাপতি সেক্রেটারিসহ বিভিন্ন পদে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিজয়ী হওয়ায় জেলা আওয়ামী লীগসহ সমমনাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।
