স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে সুইজারল্যান্ড। চোটের কারণে দলের প্রধান গোলস্কোরার জোহান মাঞ্জাম্বিকে ছাড়াই এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে হচ্ছে তাদের। শুক্রবার সুইস কোচ মুরাত ইয়াকিন এই খবর নিশ্চিত করেছেন। ৩ গোল ও ২ অ্যাসিস্ট করা এই মিডফিল্ডার কলম্বিয়ার বিপক্ষে শেষ ১৬-র ম্যাচেও খেলতে পারেননি।
ম্যাচটি অনুষ্ঠিত হবে কানসাস সিটিতে, যেখানে টুর্নামেন্ট জুড়ে ক্যাম্প করায় আবহাওয়া ও কন্ডিশনের বাড়তি সুবিধা পেতে পারে আর্জেন্টিনা। তবে কন্ডিশন কিংবা ফুটবলার না থাকার বিষয়টি নিয়ে কোনো অজুহাত দিতে রাজি নন সুইস অধিনায়ক গ্রানিত জাকা।
সান্ডারল্যান্ডের এই ৩৩ বছর বয়সী মিডফিল্ডার সাফ জানিয়ে দিয়েছেন, কোয়ার্টার ফাইনালের মতো মঞ্চে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে ভাবার কোনো সুযোগ নেই। মাঠে সেরাটা দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য। ৭২ বছর পর বিশ্বকাপের শেষ আটে ওঠা সুইজারল্যান্ড এবার বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে সেমিফাইনালে চোখ রাখছে।
আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে সামলানোর বিষয়ে কোচ মুরাত ইয়াকিন বলেন, মেসিকে আটকানোর সেরা উপায় হলো বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখা। পুরো দল হিসেবে খেলে এবং আর্জেন্টিনাকে ওপর থেকে চেপে ধরে (হাই প্রেস) ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছেন তারা।
২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে অতিরিক্ত সময়ের লড়াইয়ে হেরে বিদায় নিয়েছিল সুইজারল্যান্ড। তবে জাকা এটিকে প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখছেন না। সমর্থকদের স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আর্জেন্টিনাকে হারাতে হলে আমাদের ঘাম ঝরাতে হবে এবং নিজেদের সবটুকু উজাড় করে দিতে হবে।’
