২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সুবিধাজনক অবস্থানে থাকায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য এই আসরে বাছাইপর্ব ছাড়াই খেলার সুযোগ পাচ্ছে তারা।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পরদিন, অর্থাৎ আগামী ৯ মার্চের র্যাঙ্কিং অনুযায়ী সরাসরি কোয়ালিফাই করা ১২টি দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে আইসিসি। বর্তমানে র্যাঙ্কিংয়ের নবম স্থানে থাকা বাংলাদেশ সরাসরি অংশগ্রহণের শেষ তিনটি জায়গার একটি পেতে যাচ্ছে। তাদের সঙ্গে সরাসরি মূল পর্বে যোগ দেবে আফগানিস্তান (১০ম) ও আয়ারল্যান্ড (১২তম)।
কাট-অফ ডেটের আগে এই দলগুলোর র্যাঙ্কিংয়ে বড় কোনো রদবদল হওয়ার সম্ভাবনা নেই, কারণ নির্ধারিত সময়ের আগে তাদের আর কোনো আন্তর্জাতিক ম্যাচ বাকি নেই।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠতে ব্যর্থ হওয়ার পর বাংলাদেশের সরাসরি কোয়ালিফাই করা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে র্যাঙ্কিংয়ের সমীকরণে সেই শঙ্কা কেটে গেছে।
চলতি আসরের সুপার এইটে ওঠা আটটি দল ইতিমধ্যেই ২০২৮ সালের টিকিট নিশ্চিত করে ফেলেছে। বুধবার নামিবিয়াকে হারিয়ে পাকিস্তান এই তালিকায় শেষ দল হিসেবে নাম লেখায়। গ্রুপ ‘এ’ থেকে ভারতের সঙ্গে পাকিস্তান, গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে এবং গ্রুপ ‘সি’ থেকে সুপার এইটে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। গ্রুপ ‘ডি’ থেকে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
সহ-আয়োজক হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ২০২৮ আসরে সরাসরি খেলার সুযোগ পেয়েছে। যদিও নিউজিল্যান্ড চলতি আসরের সুপার এইটে খেলেই নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে।
২০টি দলের এই মেগা ইভেন্টের বাকি ৮টি স্থান পূরণ করা হবে আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে। সেখানে প্রতিটি অঞ্চলের দলগুলোর প্রতিযোগিতামূলক সামর্থ্য বিবেচনা করা হবে।
