টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুটি বিপর্যয়কর হারে অস্ট্রেলিয়ার অপরাজেয় তকমা এখন বিলীন হওয়ার পথে। অভিজ্ঞ ফাস্ট বোলারদের অনুপস্থিতিতে দলটির দুর্বলতা প্রকাশ পেয়েছে ব্যাপকভাবে।
বিশ্ব র্যাঙ্কিংয়ের ১১ নম্বর দল জিম্বাবুয়ের কাছে ২৩ রানে হারার পর, সোমবার ক্যান্ডিতে সহ-আয়োজক শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে লজ্জাজনক বিদায়ের দ্বারপ্রান্তে মিচেল মার্শের দল।
অস্ট্রেলিয়াকে এখন টিকে থাকতে হলে তাকিয়ে থাকতে হবে ১২ নম্বর দল আয়ারল্যান্ডের দিকে। মঙ্গলবার রাতের ম্যাচে আইরিশদের অবশ্যই হারাতে হবে জিম্বাবুয়েকে। এরপর বৃহস্পতিবার শ্রীলঙ্কার হাতেও জিম্বাবুয়ের হার কামনা করতে হবে অজিদের।
ক্যান্ডিতে সাংবাদিকদের মার্শ বলেন, ‘এখনও সুযোগ আছে। তবে হ্যাঁ, কী আর বলার আছে? আইরিশদের ভাগ্য (লাক অফ দ্য আইরিশ) ছাড়া আর কিছু নয়।’
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং রেকর্ড ছয়টি ওয়ানডে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ার সেই চিরচেনা দাপট এবার উধাও। দলের সাফল্যের মূল কারিগর সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতিই এর প্রধান কারণ।
মিচেল স্টার্ক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আর প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড মাঠের বাইরে চোটের কারণে। গত এক দশকের মধ্যে এই প্রথম অস্ট্রেলিয়া তাদের বিখ্যাত পেস ত্রয়ীর কাউকে ছাড়াই বিশ্বকাপে নেমেছে। নাথান এলিসের নেতৃত্বে ব্যাক-আপ পেসাররা রান আটকাতে হিমশিম খাচ্ছেন, অন্যদিকে অভিজ্ঞ লেগস্পিনার অ্যাডাম জাম্পা গত দুই ম্যাচে কোনো উইকেটের দেখা পাননি।
ব্যাটিংয়েও তথৈবচ দশা। শ্রীলঙ্কার বিপক্ষে মার্শ ও ট্রাভিস হেড ৮.৩ ওভারে ১০৪ রান তোলার পর মাত্র ৭৭ রানে শেষ ১০ উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্পিনের বিপক্ষে ব্যাটারদের এই অসহায় আত্মসমর্পণ সমর্থকদের ভাবিয়ে তুলেছে।
দল নির্বাচন নিয়ে বিতর্ক
চোটের পাশাপাশি অস্ট্রেলিয়ার অগোছালো প্রস্তুতি এবং দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটাররা। বিগ ব্যাশ লিগ (BBL) শেষে পাকিস্তানে প্রস্তুতি সিরিজে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর সেই খরা কাটেনি বিশ্বকাপেও।
সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে স্টিভ স্মিথকে নিয়ে। বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে ৬০ গড়ে রান করা সত্ত্বেও মূল স্কোয়াডে রাখা হয়নি তাঁকে। চোটের কারণে শেষ মুহূর্তে দলে এলেও শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে জায়গা পাননি এই মাস্টার ব্যাটার। উল্টো জিম্বাবুয়ের বিপক্ষে ৬৫ রান করা ম্যাট রেনশকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে।
অন্যদিকে ক্যামেরন গ্রিন, মার্কাস স্টয়নিস এবং টিম ডেভিড—এই তিনজনের কেউই গত দুই ম্যাচে দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।
অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ব্যাটার মার্ক ওয়াহ দল নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার ‘SEN’ রেডিওকে বলেন, ‘আমার মনে হয় তারা দল নির্বাচনে সম্পূর্ণ ভুল করেছে। স্টিভ স্মিথের মতো সেরা খেলোয়াড়কে সাইডলাইনে বসিয়ে রাখাটা সত্যি বলতে স্মিথের জন্য এক ধরনের অপমান।’
