বিডিডাইজেস্টের সরেজমিনে ভোটারশূণ্য কেন্দ্র; নির্বাচন কমিশনের দাবী দুপুরেই ৫০% এর উপরে ভোট প্রদান!

বিডিডাইজেস্টের সরেজমিনে ভোটারশূণ্য কেন্দ্র; নির্বাচন কমিশনের দাবী দুপুরেই ৫০% এর উপরে ভোট প্রদান!
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

 

ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন দুপুর ২টায় নির্বাচন কমিশন (ইসি) সারাদেশে গড়ে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করলেও, বিভিন্ন ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত প্রত্যক্ষ তথ্য ও প্রতিবেদনে এই পরিসংখ্যানের সঙ্গে ব্যাপক অসঙ্গতি দেখা যাচ্ছে। বিডিডাইজেস্টের প্রতিনিধিরা দুপুর ৩টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে যে চিত্র পেয়েছেন, তাতে ভোটার উপস্থিতি অত্যন্ত কম বলে প্রতীয়মান হয়েছে। বিডিডাইজেস্ট প্রতিনিধিদের প্রতিবেদন অনুসারে:

  • আদাবর বেগম নুরজাহান স্কুল (মহিলা কেন্দ্র): মোট ভোটার ৩১০৫ জন, ভোট পড়েছে মাত্র ১২৪১টি (প্রায় ৪০%)।
  • শ্যামলী হাউজিং ভোটকেন্দ্র (মহিলা): মোট ভোটার ৪২০০ জন, ভোট পড়েছে ১৩৪০টি (প্রায় ৩২%)।
  • যশোর শাহীন স্কুল: মোট ভোটার ১৭৫৭ জন, ভোট পড়েছে মাত্র ২৯০টি (প্রায় ১৬.৫%)।
  • রংপুর-৩ আসনের একটি কেন্দ্র: মোট ভোটার ২২৬৪ জন, ভোট পড়েছে মাত্র ১৯৩টি (প্রায় ৮.৫%)।
  • পিসিকালচার পাবলিক স্কুলঃ মোট ভোটার ৩৮০০ জন, ভোট পড়েছে মাত্র ১২৮১টি (প্রায় ৩৪%)
  • মণিপুর স্কুলঃ মোট ভোটার – ৩১৫৫ জন, ভোট পড়েছে ১১৭৪ টি (প্রায় ৩৭.২১%)
    (প্রতিটি কেন্দ্রের প্রদত্ত ভোটের সংখ্যা দুপুর ৩ঃ৩০ পর্যন্ত)

সব কেন্দ্রে ঘণ্টায় ভোট কাস্টের হার ১০ থেকে ১৫টির মধ্যে সীমাবদ্ধ ছিল বলে প্রতিনিধিরা জানিয়েছেন।

এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শত শত ভিডিও ও ফুটেজে বিকাল পর্যন্ত অনেক কেন্দ্র শূন্য বা প্রায় শূন্য ভোটার উপস্থিতি দেখা গেছে।

তবে প্রতিটা ভোটকেন্দ্রে প্রচুর তরুই ভোটারদের উপস্থিতি দেখা যায়, যারা প্রথমবারের মতো ভোট প্রদান করেছেন। এছাড়া নারী ভোটারদের উপস্থিতি বেশী ছিল। প্রার্থীদের তথ্যকেন্দ্রগুলোতে খুব বেশী ভোটার দেখা না গেলেও, আশেপাশের রাস্তায় অনেক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যারা বেশিরভাগই ভোট দেখতে এসেছে।

এছাড়া প্রতিটা ভোটকেন্দ্রে নিরাপত্তার কড়াকড়ি ছিল। কেন্দ্রের বাইরে, ভোট কেন্দ্রের আশেপাশের গলিতে সেনাবাহিনীর টহল দেখা গেছে নিয়মিত। ভোট কেন্দ্রের ভিতরে ও বাইরে নিরাপত্তা রক্ষায় আনসার ও পুলিশের অবস্থান দেখা গেছে। এছাড়াও যৌথবাহিনীর গাড়ীতে নিয়মিত টহল দিতে দেখা গেছে আইনশৃংখলা বাহিনীকে।

সরেজমিনে প্রত্যক্ষ করা ভোট কেন্দ্র গুলোতে কোন সহিংসতা বা অপ্রিতিকর পরিস্থিতি দেখা যায় নাই।

যদিও নির্বাচন কমিশন দাবি করেছে, সারাদেশে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৫০% ভোট কাস্টের হিসাবে প্রায় ৬ কোটি ভোট প্রদান হয়েছে (মোট ভোটার প্রায় ১২.৭৭ কোটি হিসেবে)। কিন্তু ভোট প্রদানের শেষ সময় পর্যন্ত বিডিডাইজেস্টের পর্যবেক্ষণ অনুসারে, এই তথ্য বাস্তব চিত্রের সঙ্গে মিলছে না।

এ ধরনের ব্যাপক অসঙ্গতি নির্বাচন কমিশনের তথ্য-উপাত্ত বিকৃতি বা ম্যানিপুলেশনের অভিযোগকে আরও জোরালো করে তুলেছে।

বিডিডাইজেস্টের এক প্রতিনিধি বলেন, “সরেজমিনে ঘুরে দেখা গেছে, অনেক কেন্দ্রে ভোটারের লাইন নেই বললেই চলে। ইসির দাবিকৃত ৪৭% হার বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। এটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন করার মতো ঘটনা।”

তবে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও পর্যবেক্ষকরা ইসির তথ্যের স্বচ্ছতা ও নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে স্বাধীন তদন্ত ও প্রকৃত তথ্য প্রকাশের দাবি উঠেছে।

 

Visited 13 times, 1 visit(s) today