স্পোর্টস ডেস্ক
গত ২২ জানুয়ারি গণমাধ্যমের সামনে এসে আসিফ নজরুল স্পষ্ট বলেছিলেন, নিরাপত্তার কথা ভেবে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত তাদের সরকারের। ১৯ দিন পর এবার পুরোপুরি ভিন্ন কথা বললেন তিনি। বিদায়ী অন্তবর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা এবার বললেন, বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নাকি তিনি দেননি, এটা নাকি খেলোয়াড় ও বিসিবির!
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিসিবি এগুতে চেয়েছিলো প্রক্রিয়া অনুসরণ করে। কিন্তু আসিফ নজরুলই সেটাকে নিয়ে যান ভিন্ন দিকে। বিসিবিকে বাধ্য করেন ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিতে। সেই রাজনীতিতে অচলাবস্থা কাটাতে আইসিসি নানাভাবে চেষ্টা চালায়। আইসিসি প্রতিনিধি বাংলাদেশেও আসেন। কিন্তু বিসিবি শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর অবস্থানে থাকে অনড়।
আইসিসির বোর্ড সভায় ভোটে বাংলাদেশের দাবির বিপক্ষে বেশিরভাগ ভোট পড়লে ভারতে গিয়ে না খেলা ছাড়া বিকল্প ছিলো না। তখন আসিফ নজরুল বিসিবিকে বাধ্য করান না খেলার। জাতীয় দলের ক্রিকেটাররা চেয়েছিলেন বিশ্বকাপ খেলতে। তারা বিভিন্নভাবে সেটা প্রকাশও করেন।
২২ জানুয়ারি নিজেদের সিদ্ধান্ত লিটন দাসদের জানিয়ে আসিফ বলেছিলেন, ‘আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা—এটা আমাদের সরকারের সিদ্ধান্ত।’
বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নেওয়ার পর শুরু হয় পাকিস্তানের নাটক। তারা বিশ্বকাপ বর্জন না করে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়ে নাটক চালাতে থাকে। শেষ পর্যন্ত ইউটার্ন করে ভারতের বিপক্ষে খেলার ঘোষণাও দেয় পাকিস্তান। সব মিটে গেলেও বাংলাদেশের বিশ্বকাপ খেলা হচ্ছে না এটাই বাস্তবতা। এই অবস্থায় আজ (মঙ্গলবার) বিশ্বকাপ না খেলায় অনুশোচনা হয় কিনা এমন প্রশ্ন করা হলে পুরোপুরি ভিন্ন কথা বলেন আসিফ, ‘কোনো অনুশোচনা, প্রশ্নই আসে না। আমাদের কী সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়েরা, ক্রিকেট বোর্ড।’
একেক সময় একেক রকম কথা বলে সমালোচিত এই উপদেষ্টা বিদায় বেলাতেও বিতর্ক রেখে দিলেন।
