ত্রিদেশীয় সিরিজের শুরুতে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হেরে এমনিতেই কোণঠাসা বাংলাদেশ দল। এই অবস্থার মাঝে মন্থর ওভাররেটের শাস্তিও পেল তাওহিদ হৃদয়রা। ধীরগতির ওভার রেটের কারণে বাংলাদেশকে ম্যাচ ফি-র ৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এই শাস্তির কথা জানায়।
আবু ধাবিতে গত শনিবারের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার কম বল করায় এই জরিমানা করেন আইসিসির ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট।
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বল করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি-র ৫ শতাংশ করে জরিমানা করা হয়।
বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় নিজেদের ভুল স্বীকার করে নেন এবং শাস্তি মেনে নেন। ফলে কোনো শুনানির প্রয়োজন হয়নি।
মাঠের দুই আম্পায়ার আল্লাহুদিয়েন পালেকের ও ইজাতুল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি এই অভিযোগ তুলেছিলেন।
ওই ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারে বাংলাদেশ। ২৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৩.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয় তাওহিদ হৃদয়ের দল।
