আফগানদের বড় জয়ে জটিল সমীকরণ, ফাইনালে উঠতে বাংলাদেশকে জিততে হবে বড় ব্যবধানে

আফগানদের বড় জয়ে জটিল সমীকরণ, ফাইনালে উঠতে বাংলাদেশকে জিততে হবে বড় ব্যবধানে
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচটির ওপর নির্ভর করছিল অনেক কিছু। সোমবার আবুধাবিতে মাঠে না নামলেও এই দুই দলের ম্যাচের ফলের দিকে নজর ছিল বাংলাদেশের।

জিম্বাবুয়ে জিতলে ফাইনালে ওঠার পথ সহজ হতো টাইগারদের; সেক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে কেবল একটি জয় পেলেই চলে যেত ফাইনালে। কিন্তু জিম্বাবুয়েকে ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশকে বেশ কঠিন সমীকরণের মুখে ফেলে দিয়েছে আফগানিস্তান। এখন তিন দলেরই একটি করে জয়ের সুযোগ থাকায় রান রেটের (এনআরআর) ওপর নির্ভর করছে ফাইনাল ভাগ্য। বাংলাদেশকে ফাইনালে পৌঁছাতে হলে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে তো হবেই, সঙ্গে পেছনে ফেলতে হবে জিম্বাবুয়ের রান রেটও। সে ক্ষেত্রে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই লাল-সবুজ প্রতিনিধিদের।

প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। সেদিকউল্লাহ অটলের ১১০ বলে ১০২ এবং ইব্রাহিম জাদরানের ৯৬ বলে ৯০ রানের ওপর ভর করে এই শক্ত ভিত পায় তারা।

২৯৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কখনোই সুবিধাজনক অবস্থানে ছিল না সিকান্দার রাজার জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ১৩৬ রানেই গুটিয়ে যায় তারা। আগের ম্যাচের সর্বোচ্চ সংগ্রাহক ক্রেইগ আরভিন চোটের কারণে খেলতে না পারায় মধ্যমশারি ভঙ্গুর হয়ে পড়ে। সেই সুযোগটাই নেন আফগান পেসার ফজলহক ফারুকী ও রহস্য স্পিনার এ এম গাজানফার। দ্রুতই ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে।

এরপর অতিমাত্রায় রক্ষণাত্মক পথ বেছে নেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল। জয় ভুলে তারা চেষ্টা করছিলেন কেবল ১৯৬ রান ছুঁতে, যাতে হার সত্ত্বেও রান রেট ঠিক রেখে ফাইনাল নিশ্চিত করা যায়।

তবে তাদের সেই কৌশলও কাজে আসেনি। ৮০ বলে ৪৮ রান করে বিদায় নেন রাজা, আর ৬৩ বলে ৩১ রান করা বার্লকে সাজঘরে ফেরান রশিদ খান। এই জুটি ভাঙার পর হুড়মুড় করে ভেঙে পড়ে বাকি ব্যাটিং লাইনআপ।
বাংলাদেশের সঙ্গে ৯৯ রানের বিশাল জয়ে জিম্বাবুয়ের রান রেট যেখানে ছিল বেশ সুবিধাজনক  (+১.৯৮০), এই শোচনীয় হারের পর তা নেমে এসেছে -০.৫৯০-এ।
টুর্নামেন্টের সমীকরণ এখন একদম পরিষ্কার। শেষ গ্রুপ ম্যাচে বাংলাদেশ যদি আফগানিস্তানের কাছে হেরে যায়, তবে জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে ফাইনালে উঠে যাবে আফগানরা। অন্যদিকে বাংলাদেশের ফাইনালে জায়গা করে নিতে হলে আফগানিস্তানকে হারানোর পাশাপাশি কাটিয়ে উঠতে হবে রান রেটের বড় ব্যবধান।

Visited 1 times, 1 visit(s) today